‘পঞ্চায়েত’-এ কেভিন পিটারসন!

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর নতুন মৌসুমের প্রচারে এবার ভারতের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনকে দেখা গেল সিরিজের কাল্পনিক গ্রাম ফুলেরায়। গ্রামটির চেনা পরিবেশে দেশি সাজে হাজির হয়ে সিরিজের দুই পরিচিত চরিত্র বানরাকাস ও দামাদজির সঙ্গে জমিয়ে সময় কাটিয়েছেন তিনি।

পঞ্চম মৌসুমের প্রচারণার অংশ হিসেবে প্রকাশিত ভিডিওতে কুর্তা-পায়জামা পরা পিটারসেনের মাথায় গামছা, মুখে দাঁতন। কখনো ভুটকুনের চায়ের দোকানে চা পান করছেন, কখনো আবার ঘুরে দেখছেন ফুলেরার পরিচিত জলাধার। গ্রাম ঘুরে সিরিজের পরিচিত সংলাপেও নিজের মতো করে অংশ নিতে দেখা গেছে তাকে।

ভিডিওতে নিজের পরিচয় দিতে গিয়ে পিটারসেন জানান, তিনি ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, বিশ্বের নানা জায়গায় ঘুরেছেন তিনি। তবে ফুলেরার মতো জায়গা আর কোথাও নেই বলেও মজা করে মন্তব্য করেন এই ক্রিকেট তারকা।

সিরিজের চেনা হাস্যরস, গ্রামীণ আবহ ও পরিচিত চরিত্রদের সঙ্গে পিটারসেনের উপস্থিতি প্রচারণার ভিডিওটিকে বাড়তি আকর্ষণীয় করে তুলেছে।

নতুন মৌসুমে ফুলেরার রাজনীতিতেও থাকছে পরিবর্তন। গ্রামপ্রধানের দায়িত্বে এবার রয়েছেন ক্রান্তি দেবী। আগের প্রধান মঞ্জু দেবীর জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি। অন্যদিকে, নতুন নেতৃত্বের সমর্থক হওয়ায় বানরাকাসের প্রভাবও বেড়েছে। ফলে পঞ্চায়েত সচিব অভিষেক ত্রিপাঠীকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।

অভিষেকের চরিত্রে পঞ্চম মৌসুমেও ফিরছেন জিতেন্দ্র কুমার। প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে ফুলেরায় পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেওয়া অভিষেকের সঙ্গে গ্রামের মানুষের সম্পর্ক সময়ের সঙ্গে গভীর হয়েছে। নতুন মৌসুমে সেই সম্পর্ক ও গ্রামজীবনের গল্পই এগিয়ে যাবে।

দীপক কুমার মিশ্র পরিচালিত এবং চন্দন কুমার রচিত সিরিজটি প্রযোজনা করেছে দ্য ভাইরাল ফিভার (টিভিএফ)। এতে আরো অভিনয় করেছেন রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠক।

আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম।