‘বাকের ভাই’ থেকে ‘মুক্তিযোদ্ধা বদিউল’—আসাদুজ্জামান নূরের আলোচিত ৫ চরিত্র

বরেণ্য অভিনেতা আসাদুজ্জামান নূরের জন্মদিন আজ। পা রাখলেন ৭৭ বছরে। এ উপলক্ষ্যে জেনে নেওয়া যাক তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলো প্রসঙ্গে—

বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নূর (মাঝে), ছবি: সংগৃহীত

বাকের ভাই
ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘হাওয়া মে উড়তা যায়ে’। হাতে চেইন, ঠোঁটে সিগারেট। নন্দিত লেখক হুমায়ূন আহমেদ পরিচালিত ‘কোথাও কেউ নেই’ নাটকে এই লুকে ধরা দেন আসাদুজ্জামান নূর। নব্বই দশকের জনপ্রিয় এই নাটকে তাঁর ‘বাকের ভাই’ চরিত্রটি সবচেয়ে বেশি আলোচিত। তখনকার সময়ে চরিত্রটি ছিল তরুণদের আইডল, তরুণীদের দীর্ঘশ্বাসের আরেক নাম।

জমিদার মির্জা
একটি ক্ষয়িষ্ণু বাঙালি জমিদার পরিবারকে কেন্দ্র করে নির্মিত নাটক ‘অয়োময়’। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে এটি পরিচালনা করেন নওয়াজীশ আলী খান। এ নাটকে জমিদার ‘ছোট মির্জা’ চরিত্রে আজও উজ্জ্বল গুণী অভিনেতা আসাদুজ্জামান নূর। বিটিভিতে যখন প্রচার হয়েছিল তখন দর্শকরা অভিনেতাকে ‘জমিদার’ বলেই ডাকতেন।

ভবঘুরে আনিস
নব্বই দশকের আরেকটি আলোচিত নাটক ‘বহুব্রিহী’। এতে ‘ভবঘুরে আনিস’ চরিত্রেও সে সময়ে তুমুল প্রশংসিত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। গল্পের জাদুকরী বিষয়টিও ছিল এ নাটকে। ‘তুই রাজাকার’ স্লোগানটি এই ধারাবাহিক সর্বপ্রথম ব্যবহৃত হয়। এছাড়াও আরও কিছু বিখ্যাত সংলাপ হলো—‘আপনি হলেন গিয়ে বটবৃক্ষ’, ‘বহিষ্কার হও’ ইত্যাদি। জনমুখে প্রচলিত আছে, টেলিভিশনে ‘কোথাও কেউ নেই’ ও ‘বহুব্রীহি’ প্রচারের সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যেত।

নান্দাইলের ইউনুস 
আসাদুজ্জামান নূর অভিনীত আরেকটি সাড়া জাগানো নাটক ‘মাটির পিঞ্জিরা’। নব্বই দশকের শুরুতে নাটকটি প্রচার হয়েছিল বিটিভিতে। পরিচালনায় ছিলেন নওয়াজেশ আলী খান। এ নাটকে ভাড়াটে খুনি ইউনুস চরিত্রটির জন্য আজও দর্শকের মনে গেঁথে আছেন আসাদুজ্জামান নূর। এখনও অনেকে তাঁকে নান্দাইলের ইউনুস বলে সম্বোধন করেন।

মুক্তিযোদ্ধা বদিউল আলম চরিত্রে আসাদুজ্জামান নূর। ছবি: সংগৃহীত

মুক্তিযোদ্ধা বদিউল আলম
মুক্তিযুদ্ধ নির্ভর গল্পে নির্মিত সিনেমা ‘আগুনের পরশমণি’। পরিচালনা করেন হুমায়ূন আহমেদ। এটি তাঁর নিজের লেখা একই শিরোনামের একটি উপন্যাস অবলম্বনে নির্মাণ করেন। এই চলচ্চিত্রে মুক্তিযোদ্ধা বদিউল আলমের ভূমিকায় অভিনয় করে সবার মনে ঠাঁই করে নেন আসাদুজ্জামান নূর। শুধুমাত্র একটি মাত্র সিনেমা নিয়ে বলা হলেও অভিনেতা হিসেবে এতে তাঁর গুণের পরিচয় তুলে ধরা সম্ভব।

প্রসঙ্গত, অভিনেতা হিসেবে আসাদুজ্জমান নূরের শুরুটা মঞ্চ দিয়ে। সদ্য দেশ স্বাধীন তখন। নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে নিয়ে আসে ‘বাকি ইতিহাস’ নাটকটি। এই নাটকে অভিনয়ের মধ্য দিয়েই আজকের বিখ্যাত এই অভিনেতার অভিনয় জীবন শুরু। এছাড়া মঞ্চে নির্দেশনাও দিয়েছেন আসাদুজ্জামান নূর। ঢাকার মঞ্চের জনপ্রিয় নাটক ‘দেওয়ান গাজীর কিসসা’র নির্দেশক তিনি।