গাজীপুরের কোনাবাড়ীতে শ্রমিকদের বিক্ষোভ থেকে আগুন দেওয়া এবিএম ফ্যাশন লিমিটেড কারখানার মালিক ব্যবসায়ী, প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল নয়। সোমবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এদিন সন্ধ্যায় ‘গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভের সময় অনন্ত জলিলের কারখানায় আগুন’ শিরোনামে বেশকিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এমন খবর সামনে আসতেই তাৎক্ষণিক বিষয়টি পরিষ্কার করেন অনন্ত।
আগুন দেওয়া কারখানাটি তাঁর নয় বলে দাবি করে ফেসবুক পোস্টে এই চিত্রনায়ক বলেন, ‘গাজীপুরের কোনাবাড়ীতে আমার কোনো ফ্যাক্টরি নেই। আমার দুটি গ্রুপ অফ কোম্পানি, একটি এ জে আই গ্রুপ এবং আরেকটি এ বি গ্রুপ। দুটিই সাভারের হেমায়েতপুরে অবস্থিত।’
সেইসঙ্গে বিদেশি ক্রেতাদের নিজ কোম্পানির ভাবমূর্তি নষ্ট না করতে গণমাধ্যমের প্রতিও অনুরোধ জানান অনন্ত। বলেন, ‘এ জে আই ও এ বি গ্রুপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। বিদেশের ক্রেতাদের কাছে আমার ও আমার কোম্পানির ভাবমূর্তির নষ্ট করার মত সংবাদ না ছাপানোর জন্য অনুরোধ করছি। বন্ধুরা, আপনারা এ ধরনের মিথ্যা নিউজ থেকে বিরত থাকুন।’
এই চিত্রনায়ক আরও বলেন, ‘এটা আমার বিনোদন জগতের সংবাদ না যে, যা ইচ্ছা তাই লিখে দিলাম। এটা রপ্তানিমূলক গার্মেন্টস ইন্ডাস্ট্রির সংবাদ।’
এদিকে, প্রথম আলোর একটি প্রতিবেদনে বলা হয়েছিল—গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভের সময় পাশেই অনন্ত জলিলের গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
প্রসঙ্গত, অনন্তের ফেসবুক পোস্টের পর প্রথম আলো তাঁদের সংবাদটির সংশোধনী দেয়।


বিচ্ছেদ প্রসঙ্গে তানিয়া: কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই করতে হবে
অবশেষে শাকিবের সঙ্গে এসএমসির সমঝোতা
