তানজিনা তিশা হাসপাতালে, অসুস্থতা নিয়ে নানা প্রশ্ন

গতকাল মধ্যরাতে ছড়িয়ে পড়ে অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘুমের ওষুধ খেয়ে তিনি এ চেষ্টা চালিয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনরা বলছেন। তবে তিশার পরিবার থেকে জানানো হয়, তিনি অসুস্থ হয়েছেন এবং মধ্যরাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছিল। এরপর অভিনেত্রীকে রাজধানীর একটি বেসরকারি মেডিকেলে ভর্তি করা হয়েছে। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম।

তিনি বললেন, ‘অভিনয়শিল্পী তানজিন তিশা গতরাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে তাঁর বোন তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যায়। এখন তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

এরইমধ্যে চাউর হয়েছে, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তিশার প্রেমের বিষয়টি। নাম প্রকাশ না করার শর্তে নাট্যাঙ্গনের একজন জানালেন, বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে ঝামেলা চলছিল। বুধবার রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। 

তবে এ বিষয়ে মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে সাড়া দেননি তিনি।

প্রসঙ্গত, এই সময়ের ছোট পর্দার শীর্ষ অভিনেত্রীদের একজন তানজিন তিশা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত ‌‌‘ইউ-টার্ন’ নাটক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তাঁর। এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতেও জনপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।