কোমল পানীয় কোকাকোলার বিজ্ঞাপনে কাজ করে তুমুল সমালোচনার মুখে পড়েন নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মা। বিষয়টি নিয়ে কথা বললেও বিতর্ক তাদের পিছু ছাড়ছে না।
বিজ্ঞাপনের জেরে শরাফ আহমেদ জীবনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে, বলেও দাবি বিভিন্ন পেজের।হ্যাকারদের দাবি, জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে। বিজ্ঞাপনে অংশ নেওয়া আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে ফেলার হুমকি দিয়েছে হ্যাকাররা। সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার ৭১- উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে।
তবে বিষয়টি অস্বীকার করেছেন শরাফ আহমেদ জীবন। তিনি বলেন, ‘আমাকে হুমকি দিচ্ছে অথচ আমি নিজেই জানি না, এটা হাস্যকর। কেউ আমার পেজে সাইবার হামলা করেনি বরং আমি নিজেই আমার পেজটি ডিঅ্যাক্টিভ করে রেখেছি।’
জীবন আরও বলেন, ‘আমি ফেসবুকে খুব বেশি সক্রিয় না। কাজ করেই সময় পাই না। কে, কি বলল- এসব আমার দেখার সময় নেই। আমি কাজের মধ্যেই থাকতে চাই। আর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই।’