‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানো’র অভিযোগ ২০২০ সালে মে মাসে লেখক মুশতাক আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে র্যাব। গ্রেপ্তারের নয় মাস পর গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। সেসময় কারা কর্তৃপক্ষ জানায়, অসুস্থতার কারণে মারা গেছেন তিনি। কিন্তু তখন অনেকেই দাবি করেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তেমনটাই মনে করেন নির্মাতা আশফাক নিপুণও।
লেখক মুশতাক আহমেদকে নিয়ে এবার কথা বললেন নির্মাতা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘শ্রদ্ধেয় লেখক মুশতাক ভাই, আপনার সঙ্গে আমার কোনো পরিচয় ছিল না, হওয়ার সম্ভাবনাও আর নাই। আপনি দেখে যেতে পারলেন না আজকে বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত, উদযাপন করছে স্বৈরশাসন মুক্তির। কলম দিয়ে মুক্তির যে যুদ্ধ আপনি শুরু করেছিলেন ৪ বছর বা তারও আগে, সেই যুদ্ধ আজ জয় করেছে ছাত্র জনতা। ২০২১ এ যারা তিলে তিলে কষ্ট দিয়ে জেলখানায় আপনাকে হত্যা করেছে তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। যতদিন বেঁচে ছিলেন আপনার মুক্তির জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য আমার আপনাকে বাঁচাতে পারলাম না।’
নির্মাতা আরও লিখেছেন, ‘এই স্বাধীন দেশ দেখাতে পারলাম না, স্বাধীন দেশে এক কাপ চা খেতে খেতে আড্ডা দিতে পারলাম না। এই বিজয় যতটা আবু সাঈদের, মুগ্ধ বা আরো অনেক শহীদের, তেমনি এই বিজয় আপনারও। আপনি এই যুদ্ধের সেই প্রথমদিককার শহীদ যখন ভয়ে কেউ কথা বলতেও সাহস পেত না। যেখানেই আছেন জানবেন, মুক্তির এই ডামাডোলেও কেউ আপনাকে নীরবে স্মরণ করছে, এই বিজয় আপনাকে উৎসর্গ করছে। ভাল থাকবেন ওপারে মুশতাক ভাই। আর এভাবে আমাকে সাহস দিয়ে যাবেন। ভালোবাসা।’