ক্যারিয়ারে শুরুর দিকে বেশ কিছু ধারাবাহিক নাটকে দেখা গেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। তবে সিঙ্গেল নাটকেই তাঁর পদচারণা ছিল সবচেয়ে বেশি। সাম্প্রতিক সময়ে নাটক একেবারেই যেন করছেন না তিনি। ওটিটির কাজেই বেশি দেখা যাচ্ছে। তবে আবারও ধারাবাহিক নাটকে ফিরলেন এই অভিনেতা।
নাটকটির নাম ‘নীল ঘূর্ণি’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) থেকে এর প্রচার শুরু হয়েছে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভির পর্দায় এটি প্রচার হবে।
জানা যায়, নাটকটি আর পাঁচ বছর আগে নির্মিত হয়েছিল। অপূর্ব বলেন, ‘এই নাটকটির কাজ করেছিলাম অন্তত বছর পাঁচেক আগে। সেটা গল্প ও চরিত্র পছন্দ হওয়ার কারণেই করেছি। তবে সেটি যে শেষ পর্যন্ত সম্প্রচারে আসবে, এতটা ভাবিনি।’
সৈয়দ শাকিল পরিচালিত এ নাটকে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন জাকিয়া বারী মম। গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। এখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তিনি জানান, এরপর আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করেননি।
মম বললেন, ‘অবশেষে নাটকটি প্রচারের মুখ দেখছে! বিষয়টি জেনে ভালো লাগছে। এটি আমার অনেক পছন্দের একটি কাজ। কারণবশত এতদিন এটি প্রচার করা হয়নি। এবার প্রচার হবে। একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখবেন দর্শক। কাজটি অনেক আগের হলেও নতুনের মতোই লাগবে।’
যদিও দীর্ঘ ৫ বছর কেন আটকে ছিল ধারাবাহিকটি, সে বিষয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্টরা।
শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত এ ধারাবাহিকে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।