অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে, বললেন জয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূর্বাচলে একটি প্লটের আবেদন করেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সেই আবেদনপত্র প্রকাশ্যে আসার সমালোচনার ঝড় বয়ে যায় সমাজ মাধ্যমের পাতায়। 

সেই আবেদনপত্র থেকে জানা যায়, ২০১৪ সালে পূর্বাচলে জায়গা পাওয়ার জন্য শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন অভিনেতা। 

এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, ‘আলো আসবে গ্রুপে পান নাই। ইউটিউবারদের ষড়যন্ত্রে পান নাই। তাই বলে আমাকে ছেড়ে দিবেন কেন? ২০১৪ সালের একটি চিঠি এই নিয়ে ১৪ বার ভাইরাল করলেন। সাবেক সরকারের কাছ থেকে অনেকেই জমি নিয়েছেন। সেই প্লটগুলো ১৩ এ ধারা। এই সরকার ইতিমধ্যে সব প্লট বাতিল ঘোষণা করেছে। তারপরও ফেসবুকে এই চিঠি নিজস্ব লোকেরা পোস্ট করছেন আমার নাম্বার ভাইরাল করছেন এবং আমাকে সামাজিকভাবে হেনস্থা করছেন।’ 

জয় আরও বলেন, ‘অবশ্যই এই চিঠি চাটুকারিতার মধ্যেই পড়ে। এর জন্য অপমান আমার প্রাপ্য। কিন্তু দেখেন শাস্তিটা বেশি দিয়ে ফেলেন না। আল্লাহ তবে আপনাদেরও ক্ষমা করবে না। আল্লাহ যে আছেন এবং যথাসময়ে পাপের শাস্তি হয় তা আমরা তো সবাই বুঝে গেছি তাই না? ঘৃণা না ছড়িয়ে শান্ত হন। সবাই মিলে ভালো থাকি। চলুন সবাই যার যার ভুল সংশোধন করি।’

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা এবং তাঁকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় আসামি করা হয়েছে শাহরিয়ার নাজিম জয়কে। সম্প্রতি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবীর আদালতে ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।