জনপ্রিয় ম্যাগাজিন শো ‘ইত্যাদি’র প্রতিটি বিষয়েই খুঁজে পাওয়া যায় সমসাময়িক প্রসঙ্গ, সমাজের অসঙ্গতির বিরুদ্ধে তীব্র ব্যঙ্গ-বিদ্রুপের কষাঘাত। সেটা গান, অভিনয়, নৃত্য—সব কিছুতেই ফুটিয়ে তোলা হয়। ঈদ ইত্যাদিতে পরিবেশিত দলীয় সংগীতও তেমনি একটি পর্ব। এই পর্বে মূলত সমাজের বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি তুলে ধরা হয়।
সমকালীন ও বক্তব্যধর্মী এবারের দলীয় সংগীতের বিষয় দেখার চোখ ও বিবেকের চোখ নিয়ে। সংস্কৃতি প্রতিটি দেশেরই শিকড়, অথচ এখন অনেক কিছুই শিকড় থেকে সরিয়ে বিকৃতি স্বীকৃতি পাচ্ছে। এসব বিষয় উঠে এসেছে এবারের দলীয় সংগীতে। এই পর্বে অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁদের সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা।
গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। সংগীতায়োজন করেছেন মেহেদি। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা, রাজিব ও খেয়া। নৃত্য পরিচালনা করেছেন ইত্যাদির নৃত্য পরিচালক মামুন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাগুন অডিও ভিশন বলে, ‘শত ব্যস্ততার মাঝেও শিল্পীরা এই নাচটিকে সুন্দর করার জন্যে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং নিয়মিত মহড়ায়ও অংশ নিয়েছেন। অভিনয় ও নৃত্য ছন্দে পরিবেশিত এই দলীয় সংগীতটি দর্শকদের আনন্দ দেবে।’
প্রসঙ্গত, প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।