সামিরা খান মাহির প্রেম ভেঙে গেছে

জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহির সম্পর্ক ভেঙে গেছে। বিষয়টি অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। গত ৪ বছর ধরেই সাদাত শাফি নাবিল নামের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু এবার সেই সম্পর্কে ফাটল ধরেছে।

বছর দুয়েক আগে প্রকাশ্যে এসেছিল তাঁদের প্রেমের বিষয়টি। এবার দুজনের সম্পর্ক যে তিক্ততায় গড়িয়েছে, সেটিও সামনে আনলেন অভিনেত্রী। জানালেন রীতিমতো শনির দশা পার করছেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশকিছু ছবি পোস্ট করেছেন মাহি। সেখানেই তিনি এ বিষয়ে কথা বলেন।

অভিনেত্রী বলেন, ‌‘গত কয়েকটা দিন খুব কষ্টের কেটেছে... ট্রোল্ড হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া—সবকিছু মিলিয়ে আমি ভেঙে গেছি, হারিয়ে গেছি। অনেক কিছু হয়েছে।’

ব্যক্তিজীবনে যাঁদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতিও দুঃখপ্রকাশ করেছেন মাহি। বললেন, ‌‘আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটাও আমি বহন করে গেছি। আমি জানি আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। এবং আমি বলতে ভয় পাই না যে আমি ভেঙে পড়েছি।’

ইনস্টাগ্রাম পোস্টে চোখের জলের ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব চোখের জলও শেয়ার করা যায়।’

জীবনে দুঃসময়গুলো খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই তিনি লিখেছেন, ‘জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটাই সত্য।’ 

এর আগে, বছরখানেকের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে জানিয়েছিলেন মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাঁদের। কথা বলা থেকে ভালোলাগা শুরু। এরপর প্রেম। এবার চার বছরে সম্পর্কে বিরহের সুর।