অপর্ণা এখন জাপান প্রবাসী, করছেন শিক্ষকতা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ। অভিনয় থেকে অনেক দিন হলো দূরে আছেন। কারণ এখন তিনি থাকেন জাপানে। স্বামীর কর্মসূত্রে সেখানে স্থায়ী হয়েছেন। এখন তাঁর পরিচয় শিক্ষিকা। বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন।

অপর্ণা বললেন, ‘এখানে যে স্কুলে পড়াই, প্রিন্সিপাল জানেন আমি অভিনয়শিল্পী। এ জন্য অনেক সম্মান দেন। শিক্ষার্থীরাও বিষয়টি জেনে গেছে, ওরাও আমাকে পছন্দ করে। শিক্ষকতা পেশা উপভোগ করছি, খুব ভালো লাগে।’

অভিনয়ের জগত থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘নাটক-সিনেমার জগৎ থেকে দূরে থাকতে খারাপ লাগে। শুটিংয়ের দিনগুলো মিস করি। আমরা তখন পরিবারের মতো ছিলাম। সবাইকে মনে পড়ে।’

জাপানের অভিজ্ঞতা প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘এখানকার ডিসিপ্লিন খুব ভালো লাগে। মানুষ খুব শান্তিপ্রিয়। ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরতে যাই। স্বামী ছবি তুলতে ও ভ্রমণ করতে ভালোবাসেন, আমিও ঘুরতে ভালোবাসি। দেশের অনেক কিছুই দেখেছি। শুরুতে খাবার মানিয়ে নিতে কষ্ট হলেও এখন জাপানি খাবারও পছন্দ হয়ে গেছে।’

অপর্ণা এখন জাপান প্রবাসী, করছেন শিক্ষকতা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অভিনয়ের কথা উঠতেই তিনি জানান, ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’ সম্প্রতি প্রচার শুরু হয়েছে। তবে এটি জাপানে যাওয়ার আগে তাঁর শেষ কাজ। নাটকের গল্পটিও তাঁর খুব ভালো লেগেছিল।

অভিনয় জীবনে ‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অপর্ণা ঘোষ। এ ছাড়া ‘ভুবন মাঝি’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। মঞ্চ দিয়ে শুরু হলেও নাটকেই তাঁকে বেশি দেখা গেছে।