প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন প্রবর্তিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ ২০২৫ ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারও চলচ্চিত্র ও চলচ্চিত্র সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
চলচ্চিত্র পরিচালনায় পুরস্কার পাবেন তরুণ নির্মাতা রায়হান রাফী এবং চলচ্চিত্র সাংবাদিকতায় সম্মাননা পাচ্ছেন সাংবাদিক আলীমুজ্জামান।
আগামী ২৬ অক্টোবর ফজলুল হকের প্রয়াণ দিবসে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হবে।
‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রবর্তন করা হয় ২০০৪ সালে, প্রয়াত ফজলুল হকের স্মৃতিকে ধরে রাখার প্রয়াসে। বাংলাদেশের প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’-এর সম্পাদক ও দেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’-এর নির্মাতা ছিলেন তিনি। তাঁর স্মরণে প্রতিষ্ঠিত ফজলুল হক স্মৃতি কমিটি এই পুরস্কার প্রদান করে আসছে গত ২১ বছর ধরে।
পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননাপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য। এর আগে রাজ্জাক, হুমায়ূন আহমেদ, সাইদুল আনাম টুটুল, গিয়াস উদ্দিন সেলিম, রেজানুর রহমানসহ অনেকে এই পুরস্কারে ভূষিত হয়েছেন।