প্রকাশ্যে এল সেই ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যা, গুম, খুন ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করা ছাড়াও বিস্তর দুর্নীতি আর অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অর্থনীতিবিদদের মতে, তাঁর শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর রন্ধ্রে রন্ধ্রে কালো থাবা বসিয়েছিল দুর্নীতি! সেইসব দুর্নীতির চিত্র উঠে এসেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’ শিরোনামের একটি প্রামাণ্যচিত্রে। সম্প্রতি প্রকাশ পেয়েছিল প্রামাণ্যচিত্রটির টিজার, এবার তা পূর্ণাঙ্গরূপে প্রকাশ্যে এসেছে।

রোববার (৫ অক্টোবর) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রামাণ্যচিত্রটি প্রকাশিত হয়।

ক্যাপশনে বলা হয়, ‘‘ফ্যাসিস্ট হাসিনা ও তার আওয়ামী দোসরদের উন্নয়নের গালগল্পের পেছনে লুকিয়ে থাকা লুটপাটের আসল সত্য উন্মোচন করতে নির্মাণ করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘গণলুটতন্ত্রী আওয়ামী সরকার’।’’

প্রামাণ্যচিত্রে দেখা যায়, শেখ হাসিনার শাসনামলের আলোচিত নানা দুর্নীতির চিত্র। সেখানে উঠে এসেছে শেয়ারবাজার কেলাঙ্কারি থেকে শুরু করে ব্যাংকিং খাতের নানা ঘটনা।

প্রসঙ্গত, প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন পলাশ নাজিম। পর্দায় দুর্নীতির বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন সাংবাদিক মুক্তাদীর রশিদ রোমিও।