বিগ বস-১৯ জিতলেন গৌরব, পেলেন রুপি-গাড়ি সবই

বিগ বসের ঘরে ১৫ সপ্তাহের টানটান লড়াই শেষে শেষ হাসি হেসেছেন অভিনেতা গৌরব খান্না। রবিবারের গ্র্যান্ড ফিনালে অমল মল্লিক, ফারহানা ভাট, প্রণিত মোরে ও তানিয়া মিত্তলকে পেছনে ফেলে ভারতের বিগ বস ১৯–এর শিরোপা জিতে নেন তিনি। বিজয়ী হিসেবে গৌরবের ঝুলিতে এসেছে ৫০ লক্ষ রুপি। পাশাপাশি শোয়ের একটি আগের টাস্কে তিনি একটি গাড়িও অর্জন করেছিলেন।

রিয়েলিটি শোটিতে গৌরবের যাত্রা ছিল শান্ত, সংযত ও প্রায় সম্পূর্ণ বিতর্কমুক্ত। বিজয়ের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ইচ্ছাকৃত বিতর্ক তৈরি করেই যে বিগ বস জিততে হয়, তা নয়। অশালীন ভাষা ব্যবহার না করেও দর্শকের ভালোবাসা পাওয়া যায়। আমার জয় তারই প্রমাণ।’ তার এই খেলার ভঙ্গির প্রশংসা করেন উপস্থাপক সালমান খানও। এমনকি ভবিষ্যতে গৌরবের সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনে নিজের অবস্থান তৈরি করে চলেছেন গৌরব খান্না। ফিকশন ও রিয়েলিটি— দুই ধারাতেই সাবলীল এই অভিনেতার জনপ্রিয়তা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় ‘অনুপমা’ সিরিজের মাধ্যমে। চলতি বছরের শুরুতেই ‘সেলিব্রিটি মাস্টারশেফ’-এর শিরোপা জিতে নতুনভাবে আলোচনায় আসেন তিনি।

সেই সাফল্যের ধারাবাহিকতাতেই গৌরব অংশ নেন বিগ বস ১৯–এ। শুরু থেকেই তাকে দেখা গেছে একজন স্থির মনের, কৌশলী x হাই-টাইম প্রতিযোগী হিসেবে। শোয়ের ভেতরে তার সংযত আচরণ ও ধারাবাহিক পারফরম্যান্সই শেষ পর্যন্ত এনে দেয় শিরোপা।

শোতে প্রবেশের আগে নিজের অনুভূতি জানিয়ে গৌরব বলেন, নতুন কোনও কাজ শুরুর সময় এখনও তার ভেতরে উত্তেজনা কাজ করে। কর্পোরেট চাকরি, মার্কেটিংয়ে এমবিএ এবং আইটি সংস্থায় কর্মজীবন—সবকিছু ছেড়ে অভিনয়ে আসাটা ছিল তার ‘বক্সের বাইরে’ ভাবনার ফল। তার ভাষায়, ‘এই শোয়ে আমি নিজের সীমা পরীক্ষা করতে এসেছিলাম। অভিজ্ঞতার পর আমি কীভাবে বদলাব, সেটাই ছিল সবচেয়ে বড় কৌতূহল।’

বিগ বস ১৯–এর মুকুট জয়ের মধ্য দিয়ে গৌরব খান্না যেন আরও একবার প্রমাণ করলেন—নীরব আত্মবিশ্বাস আর ধারাবাহিকতায়ও শীর্ষে পৌঁছানো যায়।