ঢাকাই সিনেমার সোনালি সময় মানেই মৌসুমী ও শাবনূরের নাম একসঙ্গে উচ্চারিত হওয়া। একসময় রূপালি পর্দায় তাঁদের তীব্র প্রতিযোগিতা দর্শকদের মধ্যে তৈরি করেছিল আলাদা ভক্তগোষ্ঠী। তবে ক্যামেরার বাইরে এই দুই জনপ্রিয় নায়িকার সম্পর্ক বরাবরই ছিল বন্ধুত্ব, শ্রদ্ধা আর আন্তরিকতায় ভরা।
বহু বছর পর সেই বন্ধুত্বের আবেগঘন রূপ আবারও দেখা গেল যুক্তরাষ্ট্রে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে ধরা পড়ে মৌসুমী ও শাবনূরের আবেগী পুনর্মিলনের দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় ভক্তদের হৃদয়, ফিরিয়ে আনে ঢালিউডের সোনালি দিনের স্মৃতি।
জানা গেছে, গত ১৭ ডিসেম্বর ছিল চিত্রনায়িকা শাবনূরের ৪৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপন করতেই অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে যান তিনি। সেখানে চিত্রনায়ক অমিত হাসানের বাসায় অবস্থান করছেন শাবনূর। জন্মদিন উপলক্ষে প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হন তিনি।
শাবনূরের যুক্তরাষ্ট্রে আসার খবর পেয়ে আবেগ সামলাতে পারেননি মৌসুমী। দুই বছর ধরে মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। বহুদিন পর প্রিয় সহকর্মীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে একগুচ্ছ ফুল হাতে নিয়ে অমিত হাসানের বাসায় ছুটে যান তিনি। মুখোমুখি দেখা হতেই আবেগে ভেসে যান দু’জনই হাসি, চোখের জল আর ভালোবাসার আলিঙ্গনে যেন সময় থমকে যায়।
এই হৃদয়ছোঁয়া মুহূর্তটি শাবনূর নিজেই ভাগ করে নেন সামাজিক মাধ্যমে। নিজের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন,
‘অনেক দিন পর মৌসুমী আপুর সঙ্গে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’
ভিডিওটি প্রকাশের পরপরই ভক্তদের মন্তব্য আর শুভেচ্ছায় ভরে ওঠে পোস্টটি। অনেকেই লিখেছেন, এই পুনর্মিলন তাঁদের ফিরিয়ে নিয়েছে ঢাকাই সিনেমার সোনালি দিনে।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত দুই নায়িকা ছিলেন মৌসুমী ও শাবনূর। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর বিপরীতে অভিষেক ঘটে মৌসুমীর। একই বছর এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন শাবনূর। পরের বছর ‘তুমি আমার’ সিনেমায় সালমান শাহ–শাবনূর জুটি দর্শকমহলে বিপুল জনপ্রিয়তা পায়, যা তাঁকে দ্রুত শীর্ষ নায়িকার কাতারে পৌঁছে দেয়।