সম্প্রতি অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে নির্বাচনের আগে তার মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম যুক্ত করা হয়। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে স্পষ্টভাবে জানিয়েছেন এই অভিনেত্রী।
রবিবার দুপুরে নিজের ভক্তদের জন্য দেওয়া এক পোস্টে সাবিলা নূর জানান, তাকে জড়িয়ে যে ফটোকার্ডটি প্রচার করা হচ্ছে, সেটির সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি বলেন, ‘কোনো বিষয়ে তার ব্যক্তিগত মতামত বা বক্তব্য থাকলে তা কেবল দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশ পাবে।’
একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাবিলা নূর। তিনি জানান, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ছবি ও ভিডিওর কারণে তার মতো অনেক শিল্পীকেই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। অনেক সময় ভালোবাসা বা আবেগ থেকে এসব করা হলেও, তা শেষ পর্যন্ত বিভ্রান্তি তৈরি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।
সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সাবিলা নূর বলেন, ‘অনুগ্রহ করে যাচাই না করে কোনো তথ্য বা ছবি শেয়ার করা থেকে বিরত থাকুন।’