সমাজে অনেক সময় এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত! যার যেখানে থাকার কথা, সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য। আবার যার যে কাজ করার কথা, সে সেই কাজ তো করছেই না, বরং অদ্ভুত আর উদ্ভট সব কর্মকাণ্ড করছে। এমন একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। প্রত্যয় হাসানের রচনায় তা পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান।
বৈশাখী টিভির পর্দায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটির প্রথম পর্ব। এ ছাড়া প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দিবাগত রাতে একই সময়ে নাটকটি দেখতে পাবেন দর্শকরা।
নাটকের গল্পে দেখা যাবে, বিভিন্ন গ্রামে দুয়েকজন করে থাকলেও কাকতালীয়ভাবে মধুপুর গ্রামে একসঙ্গে বেশ ক’জন অদ্ভুত মানুষের বসবাস। তাদের স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। যদিও মানবজীবনের সুখ, দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব, সংকটের মতো সকল বিষয়ই সমান্তরালভাবে তাদের জীবনে আরও বেশি তীব্র, আরও বেশি স্পর্শকাতর। তবে গ্রামের এই মানুষগুলো অদ্ভুত আর উদ্ভট হলেও তারা খুব সহজ আর সরল। দিনশেষে সবাই ভালো মানুষ।
কিন্তু ধীরে ধীরে এই গ্রামে ঢুকতে থাকে নতুন নতুন মানুষ এবং তাদের ভেতর তখন শুরু হয় ভিলেজ পলিটিক্স, হিংসা, কোন্দল, মারামারি, খুনোখুনি—যা অন্যসব স্বাভাবিক গ্রামের অস্বাভাবিক ঘটনা। উদ্ভট আর এই অসাধারণ সরল মানুষেরা ক্রমশঃ ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। এভাবেই এগিয়ে চলে ভিলেজ সোসাইটি নাটকের কাহিনী।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফএইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমি, এমকেএইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ, স্মৃতি আক্তার প্রমুখ।