মুখ্য ভূমিকায় অভিনয় না করেও তিনি দর্শকের আবেগ ছুঁয়েছেন। অভিনয়ে কখনও হাসিয়েছেন, কখনও কাঁদিয়েছেন। গুরুতর অসুস্থতা নিয়েও গত ফেব্রুয়ারিতে সবশেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তিনি তারিকুজ্জামান তপন। বর্তমানে মারণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেতা।
‘একটা মানুষ—হাত-পা নড়ে না; খেতে পারেন না কিছুই! শুয়ে আছে সারাক্ষণ, আর ব্যথা প্রচণ্ড।’—মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এভাবেই ইনডিপেনডেন্ট ডিজিটালকে অভিনেতার অসুস্থতার বিষয়ে জানাচ্ছিলেন তাঁর স্ত্রী সাবিনা হেলেন পলি।
তিনি জানান, খাদ্যনালীর ক্যানসারে (ইসোফ্যাজিয়াল) আক্রান্ত তপন। গত নভেম্বরে তাঁর এই অসুখ ধরা পড়ে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তখন চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতা ক্যানসারে আক্রান্ত এবং শেষ পর্যায়ে রয়েছেন।
সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে তপনকে কেমোথেরাপি দেওয়া হয়। বর্তমানে তিনি আফতাবনগরের বাসায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেখানে থেকেই চলছে তাঁর চিকিৎসা। মাঝে পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে ভর্তি করাতে পারেননি পরিবারের সদস্যরা।
এদিকে, ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বলে জানান অভিনেতার স্ত্রী। সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘ক্যানসারের মতো অসুখের চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের নেই। আমরা সরকারের সহযোগিতা চাই। কিন্তু আমাদের কোনো লোকজনও নাই যে এই ব্যাপারে সহায়তা করবে।’
তারিকুজ্জামান তপনের পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। স্ত্রী সাবিনা হেলেন পলি পেশায় একজন গৃহিনী।
প্রসঙ্গত, অভিনয়জীবনে অসংখ্য টিভি নাটক ও বেশকিছু চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। তাঁর অভিনীত চলচ্চিত্রের মধ্যে ‘আলতা বানু’, ‘ঠিকানা’, ‘যা ছিল অন্ধকারে’ প্রভৃতি উল্লেখযোগ্য। অন্যদিকে, টিভি নাটকের মধ্যে ‘জোড়া শালিক’, ‘হাতছানি’, ‘অল্পে গল্পে’ ও ‘মৃত্তিকার যাত্রা’ ইত্যাদি বিশেষভাবে আলোচিত।