আবারও একসঙ্গে তৌসিফ-পায়েল

ফুল, প্রেম আর স্বপ্নের গল্পে আসছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। নাটকটিতে জুটি বেঁধেছেন এ সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। গল্প লিখেছেন পারভেজ ইমাম।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ আরও অনেকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।

নির্মাতা জানান, রাজধানীর উত্তরা এলাকার ৩০০ ফুট বনবিথি হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। শিগগিরই এটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

গল্পে উঠে আসবে ফুলপ্রেমী এক তরুণী ও স্বপ্নবাজ এক তরুণের আবেগঘন কাহিনি। বাবার রেখে যাওয়া ফুলের দোকান সামলাতে সামলাতে বাংলা নাটকের বড় সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখে সালমান। একদিন অফিস থেকে ফেরার পথে তার ফুলের দোকানে আসে কেয়া পায়েল। প্রথম দেখাতেই মেয়েটির প্রেমে পড়ে সালমান। এরপরই এগোতে থাকে রোমান্টিক ট্রাজেডি ঘরানার গল্প।

নির্মাতা জানিয়েছেন, পারিবারিক আবহ ও ভালোবাসার আবেগে ভরপুর নাটকটি আগামী ১৪ মে জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। নাটকটিতে থাকছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের একটি গানও। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তি সিথি।