লিওনেল মেসি-জাদুতে শুরু হলো আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ। আলবিসেলেস্তে ভক্তরা বেশ উচ্ছ্বসিত। বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমে হ্যাটট্রিকের দেখা পান মেসি। তাঁর দেওয়া তিনটি গোলে বড় জয় পায় আর্জেন্টিনা। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছেন বাংলাদেশি তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও এফএস নাঈম। যুক্তরাষ্ট্রের অ্যারোহেড স্টেডিয়ামে সরাসরি আর্জেন্টিনার এই বিশ্বকাপ ম্যাচ উপভোগ করেন তাঁরা।
প্রথমবার গ্যালারিতে বসে ফুটবল বিশ্বকাপ দেখতে পারায় দারুণ উচ্ছ্বসিত নাদিয়া। তিনি বলেন, ‘আগে কোনো বিশ্বকাপ ম্যাচ মাঠে বসে দেখার সুযোগ হয়নি। এবারই প্রথম। খেলা দেখতে গিয়ে এতটাই এক্সাইটেড ছিলাম যে বিশ্বাসই হচ্ছিল না, সত্যি সত্যি আর্জেন্টিনার খেলা দেখছি। পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছিল।’
এদিন খেলা শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়াম এলাকায় পৌঁছে যান নাদিয়া-নাঈম। এ বিষয়ে অভিনেত্রী বলেন, ‘খেলা শুরু হওয়ার বহু আগে আমরা চলে গিয়েছিলাম। চারপাশে উৎসবমুখর পরিবেশ। নাচ-গান, আনন্দ—সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। স্টেডিয়ামে ঢোকার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলাম। তখন থেকেই দেখেছি, সবাই উৎসবের মুডে আছেন। মাঠে ঢোকার পর সেই উচ্ছ্বাস কয়েক গুণ বেড়ে যায়।’
গ্যালারিজুড়ে আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস, পতাকা আর স্লোগানে তৈরি হয়েছিল অন্যরকম এক আবহ, যা বর্ণনা করে বোঝানো কঠিন। এমনটা উল্লেখ করে নাদিয়া বলেন, ‘সরাসরি খেলা না দেখলে এই অনুভূতি বোঝানো কঠিন। সবাই অপেক্ষা করছিল, কখন মেসি মাঠে নামবেন। এর মাঝেও একটু চিন্তা হচ্ছিল। এবারের বিশ্বকাপে অনেক অঘটন ঘটছে, বড় দলগুলোও প্রত্যাশামতো খেলছে না। তবে একটা বিষয় ভেবে ভালো লাগছিল—আজ অন্তত মেসিকে সরাসরি দেখতে পারব।’
মেসির মাঠে প্রবেশের মহেন্দ্রক্ষণের কথা স্মরণ করে নাদিয়া বলেন, ‘আমরা সবাই অপেক্ষা করছিলাম, কখন মেসি মাঠে আসবেন। এরপর স্টেডিয়ামজুড়ে কাউন্টডাউন শুরু—টেন, নাইন, এইট...ওয়ান বলার সঙ্গে সঙ্গে মেসি এসে দাঁড়ালেন। তখন এমন চিৎকার দিয়েছি যে, আমার গলার স্বরই বসে গেছে।’
বুধবার (১৭ জুন) আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচ শেষে ফেসবুকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন নাদিয়া। যেখানে তাঁকে দেখা যায় আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি গায়ে। অন্যদিকে, নাঈম সরাসরি জার্সি না পরলেও প্রিয় দলের পতাকার সঙ্গে মিল রেখে আকাশি রঙের টি-শার্ট পরেছিলেন।