ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে পড়ে। উজিরপুর হাইস্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে সে। বেশ চঞ্চল ও স্পষ্টভাষী। তবে পড়াশোনায় মনোযোগ কম। কত ছেলে যে তার প্রেমে হাবুডুবু খায় তার হিসেব নেই! প্রায় প্রতিদিনই প্রেমের প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সুমাইয়া এখনও পর্যন্ত কোনো প্রস্তাব গ্রহণ করেনি।
স্কুলে অয়ন নামে নতুন একজন অংকের শিক্ষক এসেছে। ক্লাসে আসার পর সুমাইয়া পুরো সময়টা তার দিকে হাঁ করে তাকিয়ে ছিল। মনে মনে যে রকম ছেলেকে পছন্দ তার এই শিক্ষক ঠিক যেন সেরকম! প্রথম দেখাতেই সুমাইয়া তার প্রেমে পড়ে যায়। তরুণ শিক্ষক অয়ন শুরুতেই ছাত্র-ছাত্রীদেরকে বন্ধুর মতো করে নেয়। সুমাইয়া ক্লাস শেষে তার সাথে দেখা করে। ক্লাসে ঠিকমতো অংক বুঝতে পারেনি বলে তাকে আবার বুঝিয়ে দিতে বলে। প্রায়শই এই কাজটা করে সে। আসল উদ্দেশ্য অয়নের কাছে যাওয়া।
মনের কথাটা বেশিদিন চেপে রাখতে না পেরে একদিন সুমাইয়া সরাসরি অয়নকে বলে দেয় যে সে তাকে ভালোবাসে। অয়ন কিছুটা অবাক হয় এবং সুমাইয়াকে জানিয়ে দেয় এ রকম কিছু যেন না ভাবে। সুমাইয়া কোনো কিছুই মানতে রাজি না। অগত্যা তার পাগলামি থামানোর জন্য অয়ন বলে যদি সে ভালোভাবে পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করে তাহলে তার প্রস্তাব গ্রহণ করা হবে। এর আগে অয়ন তার সাথে কথা বলবে না। সুমাইয়া এতে রাজি হয় এবং মন দিয়ে পড়াশোনা শুরু করে। পরীক্ষায় ভালো রেজাল্ট করার পর খুশির খবরটা জানাতে ছুটে যায় অয়নের কাছে। কিন্তু অয়নকে খুঁজে পায় না।
শেষপর্যন্ত কী ঘটে দুজনের, সেই গল্প জানা যাবে নাটকের পর্দায়। নির্মাতা জানান, আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে শালিক বালিকা।