চিত্রনায়িকা পরী মণির পক্ষে কথা বলার পর সামাজিকমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তাঁর অতীতের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা টেনে নেটিজেনদের একাংশ তাঁকে কটূক্তি করছেন। তবে সব সমালোচনার কড়া জবাব দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মানুষের অপমান বা কটূক্তি তাঁর নীতিতে কোনো পরিবর্তন আনতে পারবে না এবং যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার থাকবেন।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে প্রভা লিখেছেন, ‘আমি যেকোনো নারীর পাশে দাঁড়াব। প্রয়োজনে হাজারবার দাঁড়াব। আমাকে যা খুশি বলুন, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলুন, যেভাবে খুশি আখ্যায়িত করুন। আপনাদের কটাক্ষ কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না।’
অভিনেত্রীর মতে, একজন নারীর সব কাজের সঙ্গে একমত না হলেও তাঁকে অসম্মান বা হয়রানি করার অধিকার কারও নেই। তিনি লিখেছেন, ‘একজন নারীর প্রতিটি কাজের সঙ্গে আমি একমত না-ও হতে পারি। তাঁর অসদাচরণ বা মানুষকে গালিগালাজ করা আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। তাঁর আচরণ আমি সমর্থন করি না। কিন্তু তাই বলে তাঁকে অসম্মান, হয়রানি করা কিংবা অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই।’
প্রভার ভাষ্যমতে, কারও পছন্দ ও চরিত্রের বিচার তাঁর নিজের এবং সর্বশক্তিমানের মধ্যকার বিষয়, তাই যেকোনো নারীর মর্যাদা নিয়ে বিতর্কের সুযোগ নেই।
তিনি আরও স্পষ্ট করেন যে, কোনো নারীর পাশে দাঁড়ানো মানে তাঁর সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়; বরং যেকোনো ধরনের অসম্মান ও হয়রানির বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়াই এর মূল উদ্দেশ্য।
আদালতে পরী মণির হাজিরার দিনের প্রসঙ্গ টেনে প্রভা লিখেছেন, ‘ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে আমার উপলব্ধি হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে আনা অভিযোগটি হয়তো সত্য ছিল না। সেই পরিস্থিতিতে তাঁকে যা সহ্য করতে হয়েছে, তাঁর জন্য আমি আন্তরিকভাবে সহমর্মিতা অনুভব করি।’
নিজের জীবনের অতীতের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা টেনে যারা তাঁকে সামাজিকমাধ্যমে লজ্জিত করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘যারা এমন একটি ঘটনার জন্য আমাকে লজ্জিত করতে চাইছেন, যে ঘটনার জন্য আমি কখনোই দায়ী ছিলাম না—আপনাদের অভিযোগ আমাকে অপরাধী করে না। আপনাদের বিচার আমার পরিচয় নির্ধারণ করে না।’
পোস্টের শেষাংশে প্রভা দৃঢ় কণ্ঠে জানান, সমাজের এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য তিনি কখনও নীরব থাকবেন না, যারা মনে করেন একজন নারীর মর্যাদা নির্ধারণের একচ্ছত্র অধিকার তাদের রয়েছে। বরং প্রয়োজনে এমন মানুষের সমালোচনার শিকার হয়েও কোনো নারীর পাশে দাঁড়িয়ে অপমানিত হওয়াকে তিনি অনেক বেশি সম্মানের মনে করেন।
প্রসঙ্গত, গত ৫ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের বিরুদ্ধে ‘ব্যাডটাচ’-এর অভিযোগ তুলে আলোচনায় আসেন পরী মণি। পরে এক ভিডিওবার্তায় পরী মণির পাশে দাঁড়িয়ে নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার কথা জানান প্রভা। তবে তাঁর সেই বক্তব্যের পর সামাজিকমাধ্যমে অনেকেই সমালোচনা করেন। এবার সেই সমালোচনার জবাবেই নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।