শুটিংয়ের কাজে বগুড়ায় গিয়েছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান। সেখান থেকে আর ফেরা হলো না তাঁর। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এই অভিনেতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বগুড়া সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রে কাজ করে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন সোহেল খান। এরপর অসংখ্য একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেন তিনি। হাস্যরসাত্মক চরিত্রের পাশাপাশি খলচরিত্রেও অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। ‘ফোর টুয়েন্টি’ তাঁর অভিনীত অন্যতম আলোচিত ধারাবাহিক।
ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও সরব ছিলেন সোহেল খান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’, ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘প্রজাপতি’, ‘কমন জেন্ডার’, ‘লাল টিপ’, ‘তারকাঁটা’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’, ‘বীর’, ‘শান’ ও ‘জংলি’।
অভিনয়ের পথচলায় মোস্তফা সরয়ার ফারুকীর অবদানের কথা বিভিন্ন সাক্ষাৎকারে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন সোহেল খান। বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরার ক্ষেত্রে এই নির্মাতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে মনে করতেন তিনি।
অভিনয়ের বাইরেও বাংলা চলচ্চিত্রের উন্নয়ন নিয়ে ভাবতেন সোহেল খান। মফস্বল শহরে সিনেমা হল নির্মাণের স্বপ্নও ছিল তাঁর। ২০২৫ সালে এক সাক্ষাৎকারে বন্ধ হয়ে যাওয়া সিনেমা হল নিয়ে আক্ষেপ প্রকাশ করেছিলেন এই অভিনেতা।