ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত সোহেল খান

জনপ্রিয় অভিনেতা সোহেল খানের দাফন সম্পন্ন হয়েছে। রাজধানী ঢাকার ধামরাইয়ের রাজাপুর ঈদগাহ মাঠে সন্ধ্যা ৬টায় জানাজা শেষে পাশের একটি কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

স্বজনরা জানান, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালীন না ফেরার দেশে পাড়ি দেন এই অভিনেতা। আজ বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ ধামরাইয়ের রাজাপুর গ্রামের বাড়িতে পৌঁছায়। পরে সন্ধ্যা ৬টার দিকে রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

অভিনেতা সোহেল খান ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে। পেশাগত কারণে তিনি ঢাকায় বসবাস করতেন।

জানা যায়, ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত ১৯ নভেম্বর বগুড়ায় গিয়েছিলেন সোহেল খান। আগামীকাল তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুতও হয়েছিলেন তিনি। কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন সোহেল খান। তাঁর মৃত্যুতে ঢাকাই নাটক ও চলচ্চিত্রাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।