নান্দাইল দিঘির পাড়ে এবারের ‘ইত্যাদি’, দেখা যাবে আজ

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র কোলঘেঁষে অবস্থিত নান্দাইল দিঘি কলেজ প্রাঙ্গণে নির্মিত হয়েছিল মূল মঞ্চ। স্বচ্ছ জলরাশি, প্রাচীন আবহ আর আলোকসজ্জায় পুরো পরিবেশই যেন সেজে উঠেছিল এক অনন্য রূপে।

নিজেদের জেলায় প্রিয় অনুষ্ঠানকে ঘিরে পুরো জয়পুরহাটজুড়ে বিরাজ করছিল উৎসবমুখর আবহ। এর আগে, বরাবরের মতো জেলা প্রশাসনের তত্ত্বাবধানে দর্শকদের মধ্যে আমন্ত্রণপত্র বিতরণ করা হয়। শুটিংয়ের দিন নির্ধারিত সময়ের আগেই দর্শক উপস্থিতিতে কানায়-কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানটি কালাইয়ে আয়োজিত হলেও জেলার অন্যান্য উপজেলা, এমনকি পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও নানা বয়সের হাজারও মানুষ সেই দৃশ্যধারণ অনুষ্ঠান উপভোগ করতে ছুটে আসেন। স্থান সংকুলান না হওয়ায় শতশত উৎসাহী মানুষ আশপাশের বহুতল ভবনের ছাদ, সংলগ্ন সড়ক, দেয়াল—এমনকি গাছের ডালে উঠেও দীর্ঘসময় ধরে অনুষ্ঠানটি দেখেন।

ফাগুন অডিও ভিশনের মতে, দর্শকদের এই বাঁধভাঙা উচ্ছ্বাস ও শৃঙ্খলাই প্রমাণ করে যে, ‘ইত্যাদি’ শুধু একটি টিভি অনুষ্ঠান নয়, বরং গণমানুষের হৃদয়ের স্পন্দন।

খুরশিদ আলম। ছবি: ফাগুন অডিও ভিশন

এবারের পর্বে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। একটিতে কণ্ঠ দিয়েছেন জয়পুরহাটেরই কৃতীসন্তান, খ্যাতনামা সংগীতশিল্পী খুরশিদ আলম। তাঁর গাওয়া অসংখ্য জনপ্রিয় গানের মধ্য থেকে শ্রোতাপ্রিয় ৩টি গান নিয়ে তৈরি করা হয়েছে বিশেষ সংকলন।

চলমান ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয় একটি গান নতুন ও আধুনিক সংগীতায়োজনে পরিবেশন করেছেন জয়পুরহাটের কৃতীসন্তান ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা ও নওগাঁর ইয়াসমিন মুশতারি। দুটি গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

এছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি তুলে ধরতে রয়েছে একটি জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। মনিরুজ্জামান পলাশের কথায় দ্বৈতকণ্ঠে গানটি গেয়েছেন রাশেদ ও স্বীকৃতি। সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এস কে জাহিদের পরিচালনায় এই দলীয় নাচে অংশ নিয়েছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।

দর্শকপর্বে জয়পুরহাটকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা স্থানীয় প্রধান ব্র্যান্ডিং পণ্য সুস্বাদু ‘লতিরাজ কচু’ ও ‘সোনালি মুরগি’ নিয়ে রচিত একটি নাট্যাংশে অভিনয় করেন।

ইত্যাদি’র এবারের পর্বে থাকছে দলীয় নৃত্য। ছবি: ফাগুন অডিও ভিশনবরাবরের মতো এই পর্বেও থাকছে সমাজসচেতনতামূলক, তথ্যবহুল ও মানবিক প্রতিবেদন। জয়পুরহাটের কৃষি ও পোল্ট্রিশিল্পের অগ্রযাত্রার পাশাপাশি জেলার ইতিহাস, ঐতিহ্য ও দর্শনীয় স্থান নিয়ে তৈরি হয়েছে বিশেষ প্রতিবেদন। আরও থাকছে জয়পুরহাটের বাকপ্রতিবন্ধী তিন ভাইকে নিয়ে অনুপ্রেরণাদায়ক একটি প্রতিবেদন, যাঁরা শারীরিক প্রতিবন্ধকতা জয় করে নীরবতাকে শক্তিতে পরিণত করেছেন। এছাড়া জয়পুরহাট সদরের দোগাছী ইউনিয়নের শিল্পী প্রসেনজিৎ বর্মনকে নিয়ে থাকছে একটি বিশেষ প্রতিবেদন, যিনি মাটির ক্যানভাসে ছাই দিয়ে প্রতিকৃতি ফুটিয়ে তোলেন।

অনুষ্ঠানের শেষে থাকছে যশোরের কেশবপুর উপজেলার মানবসেবায় নিবেদিতপ্রাণ লেয়াকত আলীর ওপর একটি মানবিক প্রতিবেদন। পেশায় ক্ষুদ্র কৃষক ও মুদি ব্যবসায়ী হয়েও দীর্ঘদিন ধরে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি।

নাট্যাংশের একটি দৃশ্য। ছবি: ফাগুন অডিও ভিশন

পাশাপাশি থাকছে কাশেম টিভির রিপোর্টার ও নাতির আলাপ এবং নিয়মিত চিঠিপত্র পর্ব। এছাড়া দেয়ালবন্দী নাগরিক জীবন, সেলফি সংস্কৃতি, অনলাইন প্রতারণা, কনটেন্ট ক্রিয়েটরদের ক্রিয়েটিভিটি, তোষামোদে খোশ আমোদে, ইয়েস স্যার কালচার, চটকদার শিরোনামে চটকহীন খবর, ডিজিটাল ট্রলের ট্রমা ও পর্দা সমাচারসহ সমসাময়িক নানা অসংগতি নিয়ে রয়েছে তীক্ষ্ম ও তীর্যক নাট্যাংশ।

এবারের পর্বে শিল্পীদের মধ্যে রয়েছেন সোলায়মান খোকা, মাসুম বাশার, সুভাশিষ ভৌমিক, আব্দুল আজিজ, মিলি বাশার, বড়দা মিঠু, শাহেদ আলী, নিপু, মুকুল সিরাজ, সুমন পাটোয়ারী, তারিক স্বপন, আবু হেনা রনি, সুজাত শিমুলসহ আরও অনেকে।

ইত্যাদির শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। সহকারী পরিচালক হিসেবে ছিলেন রানা সরকার ও মোহাম্মদ মামুন।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে ইত্যাদি’র এই পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ফাগুন অডিও ভিশন নির্মিত এই পর্বের স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।