ভারতে পাকিস্তানি সিরিজ: একটি নিষিদ্ধের দাবি, অন্যটি ভাইরাল!

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

পাকিস্তানি কনটেন্ট ঘিরে ভারতে নতুন করে তীব্র ক্ষোভ ও বিতর্ক দানা বেঁধেছে। একদিকে নেটফ্লিক্সের আসন্ন পাকিস্তানি সিরিজ নিষিদ্ধ করার পাশাপাশি স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়েছে বলিউড চলচ্চিত্রকর্মীদের সংগঠন, অন্যদিকে দিল্লির একটি ক্যাফেতে পাকিস্তানি নাটকের ‘ওয়াচ পার্টি’র ভিডিও ভাইরাল হওয়ায় সামাজিকমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স অরিজিনাল ও উর্দু ভাষার সিরিজ ‘জো বাচে হ্যায় সাঙ্গ সামাইট লো’র (অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি) প্রথম পর্ব। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে ৬টি জুটির ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ ও হানিয়া আমিরের মতো দেশটির শীর্ষ তারকারা।

সম্প্রতি নেটফ্লিক্স মেনা, নেটফ্লিক্স ইউকে এবং নেটফ্লিক্স গোল্ডেনের সামাজিকমাধ্যমে সিরিজটির পোস্টার ও চরিত্রের পরিচিতি প্রকাশের পরপরই ভারতে এর বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তবে সিরিজটি ভারতে মুক্তি পাচ্ছে কি-না—এ বিষয়ে নেটফ্লিক্স এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। 

যদিও এরইমধ্যে ভারতের চলচ্চিত্রকর্মীদের বৃহত্তম সংগঠন ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’ (এআইসিডব্লিউএ) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে সিরিজটি ভারতে সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে মোদিকে পাঠানো ওই চিঠিতে সংগঠনটির ভাষ্য, ‘ভারতের পর্দায় পাকিস্তানি কোনো তারকা, কণ্ঠ বা গল্পের স্থান নেই।’

সংগঠনটি কঠোরতম শাস্তির বিধান রেখে একটি শক্তিশালী ও স্থায়ী আইন প্রণয়নের দাবি জানিয়ে নেটফ্লিক্স ইন্ডিয়া ও সব ওটিটি প্ল্যাটফর্মকে ভারতে কখনোই কোনো পাকিস্তানি কনটেন্ট প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে। যদিও এ বিষয়ে নেটফ্লিক্স কিংবা নরেন্দ্র মোদির মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এই ক্ষোভের পেছনে রয়েছে ২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামের কাছে একটি উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা, যেখানে ২৬ জন পর্যটক ও একজন স্থানীয় কাশ্মীরি নিহত হন। 

দীর্ঘদিন ধরেই নয়াদিল্লি অভিযোগ করে আসছে যে, ভারতের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলায় ইসলামাবাদ মদদ দিচ্ছে। যদিও পাকিস্তান বরাবরই তা অস্বীকার করে এসেছে। পেহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে তীব্র সংঘাতের সৃষ্টি হয় এবং সাংস্কৃতিক সম্পর্কে আরও বেশি দূরত্ব তৈরি হয়। ২০২৫ সালের ৮ মে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক নির্দেশনায় সব ওটিটি ও স্ট্রিমিং প্ল্যাটফর্মকে পাকিস্তানি কনটেন্ট অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেয়। চলচ্চিত্রকর্মীদের সংগঠন এআইসিডব্লিউএ’র মতে, নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজটি প্রচার করলে তা সরাসরি সরকারি নির্দেশনার লঙ্ঘন হবে।

এছাড়া পেহেলগাম হামলার জবাবে ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানি তারকাদের পুরনো মন্তব্যও এই বিতর্ককে উসকে দিয়েছে। সেসময় ফাওয়াদ খান ওই অভিযানকে ‘লজ্জাজনক’ এবং মাহিরা খান ‘কাপুরুষোচিত হামলা’ বলে মন্তব্য করেছিলেন। এ কারণে সামাজিকমাধ্যমে অনেক ভারতীয় নেটিজেন বলছেন, ভারতীয় দর্শকদের মাধ্যমে পাকিস্তানের বিনোদন শিল্পকে অর্থ উপার্জনের সুযোগ দেওয়া উচিত নয়। এদিকে, আর্থিক প্রতিষ্ঠান এইচএসবিসির তথ্যমতে, প্রায় ২ কোটি গ্রাহক ও ইন্টারনেট ব্যবহারকারী বিশাল তরুণ গোষ্ঠীর কারণে ভারত নেটফ্লিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার।

দিল্লির ক্যাফেতে ‘দার-এ-নিজাত’ প্রদর্শনী নিয়ে বিতর্ক
ভারতের স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি কনটেন্ট নিষিদ্ধ থাকলেও ইউটিউবে বেশকিছু নাটক ও সিরিজ দেখা যায়। এরমধ্যে পাকিস্তানি চ্যানেল এআরওয়াই ডিজিটালের জনপ্রিয় নাটক ‘দার-এ-নিজাত’ নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শাহরিয়ার মুনাওয়ার ও দুরেফিশান সালিম অভিনীত এই নাটকের ভক্তরা সম্প্রতি দিল্লির একটি ক্যাফেতে ‘ওয়াচ পার্টি’র আয়োজন করেন, যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা যায়, ওই অনুষ্ঠানে নাটকটির পরিচালক সাকিব খানের সঙ্গে ভার্চুয়াল প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়।

ওয়াচ পার্টির ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সমালোচনাকারীদের ভাষ্য, দেশের ওপর হামলার ঘটনা ভুলে গিয়ে মানুষ যেভাবে পাকিস্তানি কনটেন্টকে সমর্থন দিচ্ছে, তা হতাশাজনক। অনেকে ভারতে পাকিস্তানি সবকিছু নিষিদ্ধ করার দাবি তুলেছেন। 

অন্যদিকে, নাটকটির ভক্তদের একাংশ দিল্লিতে এই আয়োজনকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘নাটকটি নিয়ে দর্শকদের উন্মাদনা অবিশ্বাস্য!’

সব মিলিয়ে, রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈরিতার মধ্যেও ভারতে পাকিস্তানি কনটেন্টের বিপুল দর্শকপ্রিয়তা এবং নিষেধাজ্ঞা এড়িয়ে তা দেখার প্রবণতা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

সূত্র: রয়টার্স, এনডিটিভি

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
ছোটপর্দায় জুটি বেঁধে হাজির হচ্ছেন জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা মাসরিকুল আলম। 
আলো যেভাবে অন্ধকার দূর করে, ঠিক তার বিপরীত প্রক্রিয়ায় দুর্নীতি, গণতন্ত্র ও সুশাসনকে রূপান্তরিত করে দুঃশাসনে। হ‍ুমায়ূন আহমেদ রচিত ‘নৃপতি’ নাটকেও উঠে এসেছে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা ও শাসকের...
দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গাইলেন সংগীতশিল্পী এসআই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে।  গানটির কথা লিখেছেন কবির বকুল।...
ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
সরকারের রাজস্ব আয়ের প্রায় ৯২ শতাংশই ব্যয় হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধে। রাজস্ব আহরণে দুর্বলতা আর ঋণের বাড়তি চাপে কমছে উন্নয়ন ও সামাজিক খাতে ব্যয়ের সক্ষমতা। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে।তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর