অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত বলিউড অভিনেতা আমির খান। এবার তাঁর প্রযোজিত ‘লাপতা লেডিস’খ্যাত চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামীর ছবিতে অভিনয় করবেন বাংলাদেশি অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবির নাম ‘পাত্রী চাই’।
ছবিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার অভিনেতা অর্জুন চক্রবর্তী। আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশঙ্কর। আসন্ন দুর্গাপূজার পরেই শুটিংয়ে গড়াবে এই ছবি। প্রযোজনায় রয়েছে প্রমোদ ফিল্মস।
বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে আয়োজিত হয়েছিল এক প্রতিযোগিতা। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান। বলছিলেন, কেমন ভাবে তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন! সেখানে বিচারক হিসেবে আরও ছিলেন রাজকুমার হিরানি, জুহি চতুর্বেদী ও অঞ্জুম রাজাবলির মতো তারকারা। সেই প্রতিযোগিতায় চার হাজার প্রতিযোগীর মধ্যে জায়গা করে নিয়েছিল সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্র বিপ্লবের চিত্রনাট্য। পরবর্তী কাহিনি আরও রোমাঞ্চকর। কোভিডের আগের ঘটনা। বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তাঁর চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় ছবি করতে চান তিনি। এরপর বিপ্লবের চিত্রনাট্যে ‘লাপতা লেডিস’ প্রযোজনা করেন আমির খান, যেটি পরিচালনা করেন কিরণ রাও।
***ভুলবশত ভারতীয় ছবির জায়গায় ‘বলিউড’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি নজরে আসার পর দ্রুত সংশোধন করা হয়েছে।