ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

মুখোমুখি অপি-ফারিণ, লড়বেন জয়া-সোহেল-সাকিব

ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। বলিউডের পাশাপাশি টলিউডে দেওয়া হয়ে থাকে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। আগামী ২৯ মার্চ কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসছে এবারের আসর। ২০২৩ সালে টলিউডে মুক্তি পাওয়া ছবিগুলো থেকে বেছে নেওয়া হবে সেরাদের। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, অপি করিম, সোহেল মণ্ডল, তাসনিয়া ফারিণ ও কণ্ঠশিল্পী মাহতিম সাকিব।

বিগত বছরের মতো এবারও এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। তবে তাঁর সঙ্গে বাংলাদেশের আরও তিনজন অভিনয়শিল্পী এ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। জিততে হলে প্রত্যেককে দাপুটে সব অভিনয়শিল্পীদের সঙ্গে লড়তে হবে।

এবারের ফিল্মফেয়ারে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। ‘দশম অবতার’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী (প্রধান চরিত্র) বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। এসব বিভাগে জয়ার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কলকাতার চূর্ণী গাঙ্গুলি, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী, শোলাঙ্কি রায়, স্বস্তিকা মুখার্জি।

এ ছাড়া ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন জয়া। এ বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন— অনসূয়া মজুমদার, অপরাজিতা আঢ্য, মল্লিকা মজুমদার ও শ্রাবন্তী চ্যাটার্জি।

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই অভিনেত্রী অপি করিম ও তাসনিয়া ফারিণ। ‘মায়ার জঞ্জাল’ চলচ্চিত্রের জন্য মনোনয়ন পেয়েছেন অপি করিম। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন তাসনিয়া ফারিণ। একই পুরস্কারের জন্য মুখোমুখি অপি-ফারিণ। এ ছাড়াও কলকাতার অনুরাধা মুখার্জি, গার্গী রায়চৌধুরী, মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জির মতো তারকাদের সঙ্গে লড়াই করতে হবে তাঁদের।

সেরা গায়কের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের তরুণ গায়ক মাহতিম সাকিব। ‘চিনি ২’ সিনেমায় তাঁর গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে তালিকায় আরও রয়েছে—অনুপম রায়, অরিজিৎ সিং, রূপম ইসলাম, যৌথভাবে ঈশান মিত্র ও রণজয় ভট্টাচার্য।