মাইনাস ৬ ডিগ্রিতে ‘ফেলুদা’র শুটিং, কীভাবে সামলালেন অভিনেতা?

বাংলা চলচ্চিত্রে ঐতিহাসিক চরিত্র ‘ফেলুদা’। এই গোয়েন্দার ভূমিকায় ইতিমধ্যে পর্দা রাঙিয়েছেন অনেকেই। সর্বশেষ ২০২০ সালে সৃজিতের পরিচালনায় ‌‘ফেলুদা ফেরৎ’ সিরিজ দিয়ে নজর কেড়েছেন টোটা রায়চৌধুরী। আবারও একই নির্মাতার ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ সিরিজে ফেলুদা হচ্ছেন তিনি। সম্প্রতি কাশ্মীরে এর শুটিং হয়েছে। তবে ভূস্বর্গ যতই ভয়ঙ্কর হোক না কেন, টোটা থাকেন ফেলুদার মেজাজে। তাই তো মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসেও হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেতা। 

আজ (২৬ মার্চ) সোশ্যাল মিডিয়ায় একটি স্থিরচিত্র প্রকাশ করেছেন টোটা। ক্যাপশনে জানিয়েছেন এমন হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গে কীভাবে মোকাবিলা করছেন তিনি?

সত্যজিৎ রায়ের লেখা একই নামের একটি গল্প অবলম্বনে এই সিরিজ নির্মাণ করছেন সৃজিত। গত বছরই প্রকাশ পেয়েছিল ফার্স্টলুক। যেখানে দেখা গিয়েছিল—তুষারশুভ্র পাহাড়ের চূড়া, ডাল লেকে ভাসমান শিকারা, আর তার সামনে দাঁড়িয়ে ফেলুদা, তোপসে ও জটায়ু। এবার টোটা রায়চৌধুরী ধরা দিলেন সেই ফেলুদার বেশে। তাও আবার বরফের মাঝে।

টোটার পরনে নীল স্যুট-প্যান্ট। গলায় পেঁচানো মাফলার। ফেলুদার এই লুক বাঙালির চেনা। কিন্তু মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসেও এই পোশাক?

অভিনেতা জানান, শুধু থার্মাল পরে তিনি এই ঠান্ডার সঙ্গে মোকাবিলা করেছেন। তবে এটুকু কি যথেষ্ট? উত্তরটা ‘না’। যদিও ফেলুদার জন্য সমস্ত কষ্ট সহ্য করতে প্রস্তুত টোটা। তিনি জানান, এই চরিত্র অভিনয় করাতেই তাঁর সবচেয়ে বেশি আনন্দ। ফলে এমন প্রতিকূল পরিস্থিতিতেও হাসিমুখ ধরে রেখেছেন ‘ফেলুদা’।

প্রসঙ্গত, ছোটবেলা থেকেই সত্যজিৎ রায়ের ফেলুদার অনুরাগী সৃজিত মুখোপাধ্যায়। ২০২০ সালে প্রথমবার এই চরিত্র নিয়ে তিনি তৈরি করেন ‘ফেলুদা ফেরৎ’। তারপর ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সঙ্গে হাত মিলিয়ে সৃজিত আনেন ‘দার্জিলিং জমজমাট’। এবার আসছে টোটাকে নিয়ে ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’।