কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রকাশ্যে এল ‘পদাতিক’ ঝলক। মুক্তি পেল সিনেমাটির টিজার। এ যেন নির্মাতার প্রতি সৃজিত মুখার্জি ও চঞ্চল চৌধুরীর শ্রদ্ধার্ঘ্য। যেখানে উঠে এসেছে মৃণাল সেনের জীবনের কথা।
যেদিন এই ছবির ঘোষণা করা হয়েছে বা মৃণাল সেন হিসেবে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে এসেছে, সেদিন থেকেই দর্শকদের মধ্যে পদাতিক নিয়ে উত্তেজনা-উন্মাদনার শেষ নেই। এবার পদাতিক ছবির টিজার মুক্তি পেতেই তা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল।
টিজারে ফুটে উঠল মৃণাল সেনের পরিচালক হওয়ার গল্প। উঠে এসেছে তাঁর মহিয়সী স্ত্রী গীতা সেনের সঙ্গে তাঁর রসায়নও। তৎকালীন ভারত ও বাঙালি সমাজ যে তাঁকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল, সেসব তাঁর ছবিতে উঠে এসেছে বারংবার। সৃজিতের টিজারে এবার সেই খণ্ডচিত্রও দেখা গেল।
১ মিনিট ৩৭ সেকেন্ডের প্রকাশিত টিজারের শুরুতেই দেখা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময়ের একটি ক্লিপ। মৃত্যুর পর কবিকে দেখতে গিয়েছিলেন তিনি। যে ঘটনা মৃণাল তাঁর জীবদ্দশায় বিভিন্ন সাক্ষাৎকার কিংবা লেখনীতে বলেছেন। টিজারে আরও উঠে এসেছে মৃণাল সেনের জীবনের নানা চড়াই-উতরাই।
এমনকি ‘পদাতিক’ ঝলকে মৃণাল সেনের সিনেমা নির্মাণে সেই ক্যারিশমা, চলন, বলন যেন ফিরিয়ে আনলেন চঞ্চল চৌধুরী। টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘কলকাতার রাস্তা থেকে ভারতীয় চলচ্চিত্রের নবযুগের সাক্ষী পদাতিক, মৃণাল সেন!’
প্রসঙ্গত, সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ, অনুজয় চট্টোপাধ্যায়, কোরক সামন্ত, জিতু কমল প্রমুখ। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশন।