লেনিনের ভাঙা মূর্তির সামনে এই দুই যুবক কারা?

এবার বড় পর্দায় আসছে টলিউড নির্মাতা-রাজনীতিক ব্রাত্য বসুর বিখ্যাত নাটক ‘উইঙ্কল টুইঙ্কল’। এ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন সৃজিত মুখোপাধ্যায়। সোমবার (২৫ নভেম্বর) প্রকাশ্যে এসেছে সিনেমাটির প্রথম পোস্টার। যাতে লেনিনের ভাঙা মূর্তির সামনে দুই যুবককে বসে থাকতে দেখা যায়। নিচে লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’। তার পাশেই রয়েছে কাস্তে-হাতুড়ি। তা থেকে যেন রক্তের মতো লাল রং চুঁইয়ে পড়ছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বরাতে জানা গেছে, খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। এই আশ্বাস দিয়েই পোস্টারটি শেয়ার করেছেন নির্মাতা সৃজিত।

পলিটিক‌্যাল ফ‌্যান্টাসি ড্রামা ঘরানার ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটকে মুখ্য চরিত্রে দেখা গেছে দেবশংকর হালদারের মতো অভিনেতাকে। শোনা যাচ্ছে, সিনেমায় এই চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্র মঞ্চে ফুটিয়ে তুলেছেন রজতাভ দত্ত। সেই চরিত্রে সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে।

বছরখানেক আগে শোনা গিয়েছিল, সৃজিতের এই সিনেমায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। কিন্তু প্রকাশিত পোস্টার থেকে নেটিজেনদের স্পষ্ট ধারণা যে, ঋত্বিক-পরমব্রতকেই দুই চরিত্রে দেখা যাবে। ‘ইন্দ্র’ অর্থাৎ পরমব্রতর বোনের ভূমিকায় দেখা যেতে পারে অঙ্গনা রায়কে। 

সিনেমাটির গল্পটি এমন—যেখানে সত্তর দশকের অতীত রয়েছে, আবার ২০০২ সালের বর্তমানও রয়েছে। 

প্রসঙ্গত, চলতি বছর দর্শকদের ‘অতি উত্তম’, ‘পদাতিক’, ‘টেক্কা’র মতো সিনেমা উপহার দিয়েছেন সৃজিত। নতুন বছরের জন্য থাকছে ‘উইঙ্কল টুইঙ্কল’, ‘সত্যি বলে সত্যিই কিছু নেই’ এবং ‘লহ গৌরাঙ্গের নাম রে’র মতো তিন-তিনটি সিনেমা। থিয়েটারের জন্য লেখা উইঙ্কল টুইঙ্কল গল্পের সিনেম্যাটিক ভার্সন নিয়ে একটু সন্দিহান ব্রাত্য বসু। তবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ওপর পূর্ণ আস্থা রয়েছে তাঁর।