একটি সন্ধ্যা বদলে দিল অনেক কিছু? দশ বছর পর ফের এক মঞ্চে একসঙ্গে দেখা গেল দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সোমবার কলকাতার নজরুল মঞ্চে দেবের প্রযোজনায় নির্মিত সিনেমা ‘ধূমকেতু’-র ট্রেলারমুক্তি উপলক্ষে উপস্থিত ছিলেন এই জুটি।
দীর্ঘদিনের মান-অভিমান, দূরত্ব—সব যেন মুছে গেল এক নিমেষে। শুধু পোশাক নয়, মনের রঙেও মিল ছিল দু’জনের। পাশাপাশি বসে যেন বহুদিনের জমে থাকা কথা বললেন তাঁরা। মঞ্চে দেবের বাহুডোরে ধরা দিলেন শুভশ্রী, একসঙ্গে নাচতেও দেখা গেল তাঁদের।
এতদিন সোশ্যাল মিডিয়াতেও একে অপরকে ‘আনফলো’ করেছিলেন তাঁরা। এবার শুধু আনব্লকই নয়, দেব ও শুভশ্রী একে অপরকে ফলোও করলেন—তাতে সম্পর্কের নতুন ইঙ্গিত পেল ভক্তরাও।
অনুষ্ঠানে সঞ্চালক যখন প্রশ্ন করেন, বক্সঅফিসে দেব-শুভশ্রী মুখোমুখি হলে পরিস্থিতি কীভাবে সামাল দেন তাঁরা—তখন উঠে আসে গত বছরের দুই ছবি, দেবের ‘খাদান’ ও শুভশ্রীর ‘সন্তান’-এর প্রসঙ্গ।
‘সন্তান’ ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। ছবির প্রচারে রাজ একটি ভিডিওতে বলেছিলেন, ‘সন্তান, সন্তান, সন্তান...’। সেই ভিডিও প্রসঙ্গে দেব বলেন, ‘রাজকে আমি খুব ভালোবাসি। ওর ওই স্টাইলটা মজার ছিল, কিন্তু শেষে একটা হাসি ছিল… সেটা আমার খারাপ লেগেছিল। আমি ভিডিওটা দেখে আমার সহকারীকে ডেকে বলেছিলাম, “আমরা কোন গিয়ারে প্রচার করছি?’ সহকারী বলল, ‘টপ গিয়ারে।’ আমি বললাম, ‘গিয়ার আরও ১০ গুণ বাড়িয়ে দে… দেখিয়ে দিতে হবে।’’
দেবের সেই কথায় পাশে বসে হাসছিলেন শুভশ্রী। এরপর শান্ত গলায় বললেন, ‘একটা হাসি যদি ওকে ১০ লেভেল গিয়ার বাড়াতে পারে, তাহলে আমি আরও হাসব। কারণ আমি চাই ওর প্রযোজনা সংস্থা আরও বড় হোক।’
দর্শকের চোখে এটি শুধুই একটি ট্রেলারমুক্তির সন্ধ্যা ছিল না। বরং ছিল দুই তারকার মধ্যে জমে থাকা আবেগ, অভিমান, আর নতুন করে একসঙ্গে এগিয়ে চলার ইঙ্গিত।