প্রিন্স’র জন্য শুভকামনা জানালেন অমিতাভ বচ্চন, খোঁজ নিলেন শাকিবের

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনের শুভকামনা পেল ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিন্স’। শনিবার (৮ নভেম্বর) রাতে মুম্বাইতে ডিওপি অমিত রায়ের মাধ্যমে বিগ বি’র সঙ্গে সাক্ষাৎ করেন ছবির পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা।

সিনেমা প্রসঙ্গে জানতে চাওয়ায় অমিতাভ বচ্চন শুভকামনা জানান প্রিন্স-টিমকে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমা মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। ডিসেম্বরের শুরুতেই শুরু হবে শুটিং। এর আগে প্রি-প্রোডাকশনের কাজে মুম্বাই রয়েছেন পরিচালক ও প্রযোজক।

সেখানেই ঘটে বিশেষ মুহূর্ত—ভারতের চলচ্চিত্র জগতের শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা হয় তাঁদের। পরে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে পোস্ট করা হয়, ‘সম্মানের মুহূর্ত! প্রিন্স টিম মুম্বাইয়ে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে দেখা করার সৌভাগ্য অর্জন করেছে। তিনি ছবিটির জন্য আশীর্বাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। ধন্যবাদ বিগ বি।’

অমিতাভ বচ্চনের সঙ্গে পরিচালক ও প্রযোজকের ছবিটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা। অনেকেই মন্তব্য করছেন—প্রিন্স নিশ্চয়ই বড় কিছু হতে যাচ্ছে। পোস্টটি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

মুম্বাই থেকে পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘অমিতাভ বচ্চন স্যার তখন একটি শুটিংয়ে ছিলেন। অমিত দাদার মাধ্যমে আমরা সেখানে যাই। বাংলা সিনেমায় আমরা বড় কিছু করতে যাচ্ছি জানতে পেরে তিনি ভীষণ খুশি হন। এমনকি শাকিব ভাই সম্পর্কেও জিজ্ঞেস করেন এবং আমাদের সঙ্গে বাংলায় কথা বলেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিয়েছেন—এটা আমাদের জন্য বিশাল গর্বের।’