বাংলাদেশে গম রপ্তানিতে দুর্নীতি, গোয়েন্দাদের জেরার মুখে টলি তারকা নুসরাত 

টালিউড থেকে রাজনীতির ময়দান—গত কয়েক বছরে নানা কারণে আলোচনার কেন্দ্রে থাকা অভিনেত্রী নুসরাত জাহান এবার ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তলবের মুখে পড়েছেন। রেশন দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত অনিয়মের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠিয়েছে সংস্থাটি। টিভি-নাইন বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, যে সময় এই দুর্নীতির অভিযোগ উঠেছে, তখন নুসরাত বসিরহাটের সাংসদ ছিলেন। 

তদন্তকারীদের ধারণা, সেই সময়ে ওই এলাকার জনপ্রতিনিধি হিসেবে গোটা প্রক্রিয়া সম্পর্কে তাঁর কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। সেই প্রেক্ষিতেই তাঁর বয়ান রেকর্ড করতে চাইছে ইডি।

তবে কলকাতায় হাজিরা না দিয়ে দিল্লিতে গিয়ে ইডি কর্মকর্তাদের মুখোমুখি হতে চেয়ে আবেদন জানিয়েছেন এই অভিনেত্রী। কেন্দ্রীয় সংস্থা তাঁর এই আবেদন মঞ্জুর করবে কি-না, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

নুসরাত জাহান। ছবি: সংগৃহীত

এদিকে, ইডির এই তৎপরতা এমন এক সময়ে এল যখন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আমেজ চলছে। যদিও এবারের নির্বাচনে নুসরাত নিজে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, তবে দলীয় কর্মসূচির পাশাপাশি প্রচারের ময়দানে তাঁর নাম সক্রিয়ভাবেই রয়েছে। 

অন্যদিকে, ব্যক্তিগত জীবনে যশ দাশগুপ্তের সঙ্গে নিজেদের প্রযোজনা সংস্থা এবং অভিনয় ক্যারিয়ার নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এখন দেখার বিষয়, আইনি এই জটিলতা সামলাতে নুসরাত পরবর্তী কী পদক্ষেপ নেন।