সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে শুরু করেন! যদিও খবরটি একেবারেই ভুয়া। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন অভিনেতা নিজেই। এ ছাড়া বর্ষীয়ান অভিনেতার মৃত্যু নিয়ে এমন মিথ্যা খবর ছড়ানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস ফোরাম’।
ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। শুধু তাই নয়, এই ধরনের ভিত্তিহীন গুজব যাতে কোনোভাবে শেয়ার করা না হয় বা আগে থেকে যাচাই করে নেওয়া হয়, সেই অনুরোধও করেছে শিল্পীদের এ সংগঠন।
একইসঙ্গে অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের একটি ভিডিওবার্তাও শেয়ার করেছে আর্টিস্টস ফোরাম। যেখানে নিজের পরিচয় দিয়ে মজা করে অভিনেতা বলেন, ‘জানি আপনারা আমায় চেনেন। এমন কিছু বদমায়েশি চরিত্রে অভিনয় করেছিলাম, যে কারণে সবাই আমায় খারাপ লোক বলেই জানেন। কিন্তু আমাদের এখানে রাজনৈতিক নেতা যাঁরা আছেন, তাঁদের থেকে আমি খারাপ নই।’
ছড়িয়ে পড়া ভুয়া খবর প্রসঙ্গে বিপ্লব বলেন, ‘আমি নাকি মারা গিয়েছি। আরে মরে তো একদিন যাবই! এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবেন, থাকব।’
সবশেষে অনুরোধ জানিয়ে অভিনেতা বলেন, ‘এই ধরনের খবর ছড়ানো বন্ধ করুন। শুধু আমার একার জন্য বলছি না, যে বা যার ব্যাপারেই এমনটা বলবেন একটু ভেবেচিন্তে বলুন। এই বিষয়টা একদম ঠিক হচ্ছে না। এটাকে শিক্ষার অভাব বলেই আমি মনে করি। আমার পরিবার-পরিজন থেকে আর্টিস্টস ফোরামের সদস্যরা সকলেই আপত্তি জানিয়েছেন। তাই এমন কিছু ছড়াবেন না।’