পানিদূষণ বিষয়ে সচেতনতা তৈরিতে ১৫ তরুণের কুতুবদিয়া চ্যানেল পাড়ি

পানিদূষণ বিষয়ে সচেতনতা তৈরি এবং পর্যটন ও সাঁতারকে উৎসাহিত করতে কুতুবদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন ১৫ তরুণ। গতকাল শনিবার কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ঘাট থেকে ৪ কিলোমিটার সাঁতরে কুতুবদিয়ার বড়ঘোপ ঘাটে পৌঁছান তাঁরা।

বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বিওডব্লিউএস) এর আয়োজনে ‘কুতুবদিয়া চ্যানেল সুইমিং ২০২৫’ নামের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

বিওডব্লিউএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলা ১১টায় শুরু হওয়া প্রতিযোগিতায় অংশ নেন মো. মাহমুদুল হাসান, মো. জাহিদুল ইসলাম জাহিদ, এস এম শাহরিয়ার মাহমুদ, শাহনেওয়াজ বাবু, মো. আব্দুল মাতিন, আলি রওনক (সৌরভ), মো. শহীদুল্লাহ বাগমার প্রান্তিক, মো. হাবিবুর রহমান, মো. জিহাদ হোসেন, শরীফ মো. ফয়সাল, নাসির আহমেদ সৌরভ, মো. শাখাওয়াত হোসেন সাকিব ও মো. ফয়সাল জিয়া।

এর আগে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন বিওডব্লিউএসের উপদেষ্টা শিমুল চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশবিষয়ক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর উপজেলা সিনিয়র সহসভাপতি ও পেকুয়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম। ইভেন্টটির টাইটেল স্পন্সর ছিল ‘পাহাড় থেকে ডটকম’ এবং রেসকিউ পার্টনার ছিল ‘কক্সবাজার ট্রায়াথলেট’।

কুতুবদিয়া চ্যানেলটি আবিষ্কৃত হয় ২০২২ সালে তিন তরুণ সাঁতারু জিহাদ হোসেন, শরীফ মো. ফয়সাল এবং নাসির আহমেদ সৌরভের মাধ্যমে।

আয়োজক কমিটির সমন্বয়ক জিহাদ হোসেন বলেন, তরুণ প্রজন্মকে সাঁতারে উৎসাহিত করতে এবং তাদের সাহস ও শারীরিক সক্ষমতার বিকাশে বিভিন্ন জেলায় এমন আয়োজনের পরিকল্পনা রয়েছে।