দেশে ৮ হাজার ইটভাটার ৫ হাজারই অবৈধ: প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘দেশে ৮ হাজার ইটভাটার মধ্যে ৫ হাজারই অবৈধ। মাত্র ২ হাজার ৯০০ বৈধ ইটভাটা রয়েছে। ইমারত নির্মাণে দেশে ইটের বিকল্প হিসেবে ব্লকের ব্যবহার এখনও শতভাগ নিশ্চিত করা হওয়ায় দূষণ বন্ধ রোধ করা যাচ্ছে না। সরকার এ বিষয়টিও আমলে নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছে।’

সোমবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত পরিবেশ বিষয়ক বিতর্ক উৎসবের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বর্জ্য নিষ্কাশন সমস্যা সমাধানে সরকার সবগুলো পাওয়ার প্লান্টকে অনলাইন ট্র্যাকিংয়ে আনার ব্যবস্থা করছে। ইতিমধ্যে দূষণের উৎসগুলো চিহ্নিত করা হয়েছে। নদী রক্ষায় যে সব প্রতিষ্ঠানে ইটিপি ব্যবহার হচ্ছে না সেগুলো কার্যকর করতে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’

দেশের বিভিন্ন শিল্প কারখানায় ইটিপি প্লান্টগুলো যথাযথভাবে ব্যবহার না হওয়ায় রাজধানীসহ আশপাশের জেলার সবগুলো নদীতে বর্জ্য নিষ্কাশন হচ্ছে না বলেও জানান তিনি।