লঘুচাপে উত্তাল সাগর, ৫ দিন ঢাকাসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ এবং নৌ বন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বরিশাল, চট্রগ্রাম, ঢাকা বিভাগসহ এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ময়মনসিংহ ও খুলনা বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, রংপুর বিভাগীয় শহরসহ এর আশপাশের জেলায় মৃদু তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে।