রোববার পর্যন্ত ভারী বৃষ্টি, স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

দেশের বেশ কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সেই সঙ্গে রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বর্ষা ঋতুর সঙ্গে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এরই মধ্যে ২৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে। বন্যাকবলিত হয়েছে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা। ডুবেছে নিম্নাঞ্চল, তলিয়ে গেছে সড়ক। বিপৎসীমার ওপর দিয়ে বইছে সাঙ্গু ও মাতামুহুরী নদী।  

ভারি বৃষ্টিপাতে চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়েছে। সিলেট বিভাগের চারটি জেলাসহ দেশের ১৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাসের ও সতর্কীকরণ কেন্দ্র। অতিভারী বৃষ্টি হচ্ছে ভারতের মেঘালয়, ত্রিপুরা ও অরুণাচলে। এর প্রভাবে সিলেট, মৌলাভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে তৈরি হয়েছে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি।    

আবহাওয়া অধিদপ্তর বলছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রোববার পর্যন্ত অব্যাহত থাকবে ভারী বৃষ্টিপাত। এরপর স্বাভাবিক হতে শুরু করবে পরিস্থিতি।

এদিকে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে সতর্কতা দেওয়া হয়েছে। এর ফলে নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের কিছু এলাকায় দেখা দিতে পারে বন্যা।