খাদ্যশস্যে শিল্পবর্জ্য দূষণের থাবা, স্বাস্থ্যঝুঁকি 

সবজিসহ খাদ্যশস্যে ছড়িয়ে পড়ছে শিল্পবর্জ্যের দূষণ। বর্জ্যমিশ্রিত পানি দিয়ে চাষাবাদে শাকসবজি এমনকি ধানেও মিলছে সীসা, নিকেল ও ক্রোমিয়ামের মতো ভারী ধাতু। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এসব সবজিতে বিশ্ব স্বাস্থ্যসংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত ভারী ধাতুর উপস্থিতি মিলেছে। যাকে জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা।   

মানিকগঞ্জের ধলেশ্বরী নদী পাড়ের কৃষকের ক্ষেত থেকে তোলা হচ্ছে টাটকা সবজি। যা দেখতে সতেজ, রঙ্গিন ও পুুষ্টিগুণে ভরপুর।

ঢাকাসহ বিভিন্ন এলাকায় শিল্পকারখানার পাশে উৎপাদিত সবজি কতোটা নিরাপদ, তা খতিয়ে দেখতে গবেষণা করে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- সাভার ও মানিকগঞ্জ শিল্পাঞ্চলের ৭ ধরণের সবজির ৯৬ নমুনা আর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় গাজীপুর ও নারায়ণগঞ্জের শীতলক্ষার আশপাশে উৎপাদিত সবজি পরীক্ষা করে। 

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ড.মাহফুজা পারভীন বলেন, ‌‌‌‌‘পরীক্ষায় লাল শাক,পুঁইশাক ও কচুসহ সব ধরনের সবজিতে ভারী ধাতুর উপস্থিতি পায় গবেষকরা।’ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিশ্ব স্বাস্থ্যসংস্থার নির্ধারিত মাত্রার চেয়ে ১০ থেকে ১০০ গুণ পর্যন্ত ভারী ধাতুর উপস্থিতি মিলেছে।’

ঢাবি মৃক্তিকা,পানি ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. এনায়েত হোসেন বলেন, ‘শুধু ঢাকার আশেপাশেই নয়, গবেষণায় সিরাজগঞ্জ, জয়পুরহাট,নরসিংদীসহ বিভিন্ন এলাকার ধান ও সবজিতে পাওয়া গেছে ভারী ধাতু।’ 

দূষণের উৎস নিয়ন্ত্রণ করে বর্জ্যমিশ্রিত পানির ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ কৃষি সংশ্লিষ্টদের।