শিশুকে চকলেট দিচ্ছেন? একটু ভাবুন...

চকলেট পছন্দ করে না, এমন শিশু খুঁজে পাওয়া কঠিন বটে। শিশুরা চকলেট দেখলেই সবকিছু ভুলে তা মুখে দিতে চায়। বাসায় যদি শিশু থাকে, তবে সেই বাসায় বেড়াতে আসা আত্মীয়ের হাতে চকলেট, চিপস থাকবে না—এমনটা ভাবা যায় না।

এমনও দেখা যায়, অনেক সময় বাবা, মা ও পরিবারের সদস্যরাও শিশুর আবদার মেটাতে হাতে ধরিয়ে দেন চকলেট। এতে শিশুর মন আনন্দে ভরে উঠে। কিন্তু অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে শিশুর স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

ডেন্টাল সার্জন পূজা সাহা বলেন, ‘শিশুদের জন্য চকলেট ক্ষতিকর। শিশুরা যে চকলেট বেশি পছন্দ করে, প্রচুর পরিমাণে চিনি ও দুধ ব্যবহার করে এই চকলেটগুলো তৈরি করা হয়। ফলে এসব চকলেট হয় খুব মিষ্টি এবং এসব চকলেটে থাকে একটা স্টিকি বা আঠালো ভাব। এই মিষ্টি বা আঠালোভাব হলো মুখের ব্যাকটেরিয়ার আদর্শ খাবার। তাই মিল্ক চকলেট বেশি খায় যে শিশুরা, তাদের প্রায় সবার মুখেই ক্যাভিটি বা দাঁতের ক্ষয় রোগটি দেখা যায়। এই আঠালো চকলেট দাঁতে ক্যারিজ বা দন্তক্ষয় নামক রোগ তৈরি করে। পরবর্তীতে অবহেলার কারণে ধীরে ধীরে এই দন্তক্ষয় ছোট থেকে বড় হয় এবং শিশুদের দাঁতের ইনফেকশন থেকে শুরু করে নানা ধরনের রোগের উদ্রেক করে।’

যেসব ক্ষতি হতে পারে

১. শিশুরা অনেক সময়ে চকলেট খেয়ে মুখ ধোয় না।  এর ফলে দাঁতে চকলেট আটকে ক্যাভিটি বাড়তে পারে।

২. চকলেটে থাকে কোকো, যার উপাদান ক্যাফেইন। এই উপাদান শিশুর পেটে ব্যথা, বমি ও অ্যাসিডিটির মতো উপসর্গ দেখা দিতে পারে।

৩. অতিরিক্ত চকলেট খাওয়ার কারণে শিশুর ঘুমের ব্যাঘাত হতে পারে। তাই শিশু চকলেটের বায়না ধরলে তা ধীরে ধীরে কমিয়ে দিন।