হাম ও উপসর্গে মৃত্যু ৪০০ ছাড়াল, সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামে মৃত্যুে সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৬৫ শিশুর, আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪৪ জনের। 

এছাড়া একদিনে হাম ও হামের উপসর্গে এ যাবৎকালের সর্বোচ্চ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭০৮ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিত আক্রান্ত ২০৫ জন। আর সন্দেহজনক হাম রোগী ১৫০৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪ শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর। গত ১৫ মার্চ থেকে ১০ মে সকাল পর্যন্ত নিশ্চিত হামে ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। 

গত ১৫ মার্চ থেকে ১০ মে পর্যন্ত সারা দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জন। আর এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯।

এছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। আর হাসপাতাল হতে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ৩০ হাজার ৮৬২।