সারা দেশে প্রতিবন্ধীর সংখ্যা কত তার সঠিক কোনো তথ্য নেই, তাই বড় আকারের প্রতিবন্ধী জরিপের প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের অধিকার ও সেবাকে কোনো চ্যারিটি হিসেবে নয় বরং নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার।
তিনি জানান, সাধারণ স্কুলগুলোকেও প্রতিবন্ধীবান্ধব করা হচ্ছে, যাতে হুইলচেয়ার ব্যবহারকারী কোনো শিশুই বিদ্যালয় থেকে বঞ্চিত না হয়। এছাড়া পাঠ্যক্রমে প্রয়োজনীয় সংস্কার, ব্রেইল পদ্ধতি এবং সাইন ল্যাঙ্গুয়েজের ব্যবহার নিশ্চিত করতেও কাজ চলছে।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ২২টি জেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।
সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধীদের দক্ষতাকে কাজে লাগিয়ে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য।