বিশ্ব ডায়াবেটিস দিবস

দেশে দেড় কোটি রোগীর জন্য নেই সরকারি বিশেষায়িত হাসপাতাল

দেশে বর্তমানে ডায়াবেটিসে আক্রান্ত ১ কোটি ৪০ লাখ। প্রতিবছর নতুন করে আক্রান্ত প্রায় ২০ লাখ। চিকিৎসকরা বলছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে স্ট্রোক, হৃদরোগ, কিডনি বিকল ও অন্ধত্বের ঝুঁকি বাড়ে। এতো ঝুঁকির পরও দেশে সরকারি পর্যায়ে ডায়াবেটিসের কোনো বিশেষায়িত হাসপাতাল নেই।  

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের  ২০২৫ সালের তথ্য বলছে, দেশের প্রায় দেড় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যাদের বয়স ২০ থেকে ৭৯ বছর। 

আক্রান্তদের প্রায় ৫৪ লাখ মানুষ জানেনই না রক্তে শর্করার পরিমাণ বেশি। ফলে জটিলতা নিয়ে হাসপাতালে আসার আগেই ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন অঙ্গ। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, ‘চোখে রক্তক্ষরণ, কিডনি ফেইলিওর অথবা পায়ে ঘা নিয়ে হঠাৎকরে এসে উপস্থিত হয়। তখন দেখা গেল অনেকদিন ধরে তার ডায়াবেটিস। এই যে অজানা ডায়াবেটিস, শরীরকে ঘুণে খাওয়ার মতো ধরে ফেলেছে এটা আসলে আগে থেকে বোঝা যায় না। এই অজানা ডায়াবেটিস শনাক্ত করাই মূল চ্যালেঞ্জের বিষয়।’

চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসের চিকিৎসা দীর্ঘমেয়াদি হওয়ায় নিয়মিত ওষুধ, ইনসুুলিনসহ নানা পরীক্ষা-নীরিক্ষা প্রয়োজন। তবে চিকিৎসায় বিশেষায়িত প্রতিষ্ঠান না থাকায় প্রতিরোধ কর্মসূচির ব্যহত হচ্ছে। 

অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, ‘বাংলাদেশে ১০ কোটি এন্ডোক্রাইন রোগী। ডায়াবেটিস ও প্রি–ডায়াবেটিস মিলিয়ে ৫ কোটি আর থায়রয়েড রয়েছে ৫ কোটি মানুষের। এই বিপুল জনগোষ্ঠীর সেবা দেওয়া কি সাড়ে চারশ ডাক্তারের পক্ষে সম্ভব? আমাদের এখন দরকারি জনবল তৈরি করা দরকার। ডাক্তারদের ট্রেইনিং দেওয়া দরকার। এই বিষয়ে গবেষণা করা দরকার। সারা বাংলাদেশে এ বিষয়ে যারা জটিল রোগী রয়েছে, তাদেরকে সুলভ মূল্যে চিকিৎসা দেওয়া দরকার। এজন্য আমাদের একটা বড় ইনস্টিটিউট দরকার।’

চিকিৎসকরা বলছেন, বিশেষায়িত প্রতিষ্ঠান হলে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি, গবেষণা ও চিকিৎসা সম্প্রসারণ সম্ভব হবে।