আজ বুধবার বিজয়া দশমী। মন্দির-মণ্ডপে বিদায়ের সূর। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গাকে বিদায় জানাতে সারা দেশের পূজামণ্ডপে আয়োজন হয়েছে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান।
সকালে পূজা-অর্চনা, দর্পণ বিসর্জন ও দেবীবরণের মধ্য দিয়ে শুরু দশমীর আনুষ্ঠানিকতা। হবে সিঁদুর খেলা। পরে শোভাযাত্রাসহ প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত নদী, পুকুর বা জলাশয়ে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর যাচ্ছেন নৌকায়। ভক্তদের বিশ্বাস, নবমীতে দেবী দুর্গার মহিষাসুর বধ আর রামের হাতে রাক্ষসরাজ রাবনের পরাভূত হওয়া মধ্য দিয়ে বিজয়া দশমী অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীক।
দেবী দুর্গার বিদায়ে ভক্তদের মনে বিষাদের সুর। সেই সাথে আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশায় অপেক্ষা শুরু হয়। সম্প্রীতি, শান্তি ও কল্যাণের প্রার্থনায় উৎসবমুখর পরিবেশে শেষ হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব।