রূপচর্চায় ডিমের ব্যবহার একেবারে নতুন নয়। তবে, চুলের যত্নেই ডিম ব্যবহার বেশি দেখা যায়। রেড বিউটি সেলুন এন্ড স্পা’র রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিন জানান, ডিমের কুসুম ত্বক ঝকঝকে করতে দারুণ কাজে লাগে। এই পর্বে রইল তেমনি কিছু ডিমের ফেসপ্যাক।
শুষ্ক ত্বকের জন্য
প্রথমে একটি ডিম নিন। এবার তার থেকে কুসুম আলাদা করে নিন। কুসুমের সঙ্গে এবার মিশিয়ে নিন এক চামচ মধু। তারপর প্যাকটি ভালো করে মুখে লাগিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট পর ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার শুষ্ক ত্বককে ময়েশ্চারাইজ করবে।
ব্ল্যাকহেডস দূর করে
মুখের অন্যান্য সমস্যার মধ্যে একটি হলো ব্ল্যাকহেডস। এই সমস্যা দূর করতে ডিমের ফেসপ্যাকটি দারুণ কার্যকর হবে। তার জন্য প্রথমে আপনাকে একটি ডিমের কুসুমকে ভাল করে ফেটিয়ে নিতে হবে। এরপর তা ব্রাশে করে নাকের চারপাশে লাগিয়ে নিন। এরপর একটি টিস্যু পেপার লাগিয়ে নিন নাকের উপর। ডিমের এই লেয়ারটি শুকিয়ে গেলে আরো একটি লেয়ার লাগিয়ে নিন। এরপর শুকিয়ে গেলে টিস্যুগুলো টেনে তুলে ফেলুন। দেখবেন টিস্যুর সঙ্গে ব্ল্যাকহেডসও উঠে আসবে।
দূর করবে ব্রণ সমস্যা
তৈলাক্ত ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা অনেক বেশি দেখা যায়। এই সমস্যাও দূর করবে ডিম। কীভাবে জানুন। এই প্যাকটি বানাতে লাগবে একটি ডিমের কুসুম, এক চামচ মধু এবং এক চামচ বাদাম তেল। উপকরণগুলো একটি পাত্রে ভালো করে মিশিয়ে নিন। এরপর ত্বকে প্যাকটি লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ত্বক রাখবে উজ্জ্বল
ত্বক উজ্জ্বল রাখতে একটি ডিমের কুসুম, এক চামচ ঘন ক্রিম এবং এক চামচ গাজরের রস মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এবার এই প্যাকটি ত্বকে ভালো করে লাগিয়ে নিন। ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল করে তুলবে।