ঢাকায় শুরু হয়েছে আন্তর্জাতিক কাবাব উৎসব। বিশ্বের বিভিন্ন দেশের কাবাবের ঐতিহ্য, স্বাদ ও বৈচিত্র্য এক ছাদের নিচে তুলে ধরতে দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করেছে ‘ইন্টারন্যাশনাল কাবাব ফেস্টিভ্যাল ২০২৬’। প্রাইম ব্যাংক পিএলসির অংশীদারত্বে আয়োজিত এই উৎসব ২৩ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত রাজধানীর গুলশানে দ্য ওয়েস্টিন ঢাকার দ্বিতীয় তলার সিজনাল টেস্টেস রেস্তোরাঁয় চলবে।
২৩ সেপ্টেম্বর উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মরক্কো রাজ্যের রাষ্ট্রদূত লাল্লা বাউথাইনা এল কেরদৌদি এল কৌলালি। এ সময় আরও উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের পরিচালক রাশেদ আল-মাইল আল-জাবি, প্রাইম ব্যাংক পিএলসির লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং বিভাগের প্রধান শায়লা আবেদিন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন, দ্য ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক গ্যারি ফারস্টাড, দ্য ওয়েস্টিন ঢাকা ও শেরাটন ঢাকার পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) মামুনুর রহমান সুমনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কুলিনারি টিম ও গণমাধ্যমকর্মীরা। ফিতা কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধনের পর অতিথিদের জন্য বিশেষ কাবাব পরিবেশন ও স্বাদ গ্রহণের আয়োজন করা হয়।
দ্য ওয়েস্টিন ঢাকার নির্বাহী শেফ স্বপন রোজারিও এবং তাঁর কুলিনারি টিমের তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবে দেশি ও আন্তর্জাতিক নানা ধরনের কাবাব রাখা হয়েছে। দেশীয় ও উপমহাদেশীয় স্বাদের মধ্যে রয়েছে ঢাকাইয়া সুতলি কাবাব, বিফ বিহারি কাবাব, লাহোরি শিক কাবাব, হায়দরাবাদি শিক কাবাব, ফিশ হারিয়ালি কাবাব এবং পেরি পেরি চিকেন কাবাব।
চারকোল গ্রিল স্টেশনে থাকছে চারকোল লবস্টার কাবাব, চারকোল নাগা বিফ কাবাব, তন্দুরি ক্র্যাব কাবাব ও রিব সেট কাবাব। লাইভ-ফায়ার গ্রিলিংয়ের স্বাদ ও সুবাস তুলে ধরতেই এসব বিশেষ আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক কাবাবের তালিকায় রয়েছে আফগান কাবুলি ল্যাম্ব কাবাব, আফগান ল্যাম্ব চপ কাবাব, গ্রিক চিকেন সুভলাকি এবং ব্রাজিলিয়ান এসপেটিনহো। বিশ্বের বিভিন্ন অঞ্চলের জনপ্রিয় কাবাব একসঙ্গে উপভোগের সুযোগ থাকছে এই উৎসবে।
শুধু রাতের খাবারের জন্য আয়োজন করা এই উৎসবে জনপ্রতি মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ৪৫০ টাকা (নেট)। প্রাইম ব্যাংক ও অন্যান্য অংশীদার ব্যাংকের কার্ড ব্যবহারকারীরা শর্তসাপেক্ষে ‘বাই ওয়ান গেট থ্রি’, ‘বাই ওয়ান গেট টু’ এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার উপভোগ করতে পারবেন।
এ ছাড়া ভ্রমণ সহযোগী ফার্স্টট্রিপের সৌজন্যে দর্শনার্থীদের জন্য ঢাকা–কক্সবাজার–ঢাকা দম্পতি বিমান টিকিট জয়ের সুযোগও রাখা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আসনসংখ্যা সীমিত হওয়ায় আগাম রিজার্ভেশন করতে হবে।
দ্য ওয়েস্টিন ঢাকা বলছে, কাবাব শুধু একটি খাবার নয়, বরং বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও রান্নার কৌশলের প্রতিফলন। সেই বৈচিত্র্যময় স্বাদ ও অভিজ্ঞতাকে অতিথিদের সামনে তুলে ধরতেই এই আন্তর্জাতিক কাবাব উৎসবের আয়োজন করা হয়েছে।



