ঋতু পরিবর্তনের প্রভাব শুধুমাত্র শরীর আর মনের জন্য ভালো হলেও, ত্বককে করে তোলে নাজেহাল। সত্যি বলতে, ঋতু পরিবর্তনের প্রভাব ত্বকের উপরে একটু বেশি পড়ে। তাই তো শীত আসতে না আসতেই ত্বক হয়ে পড়ে শুষ্ক। ঠোঁট ফাটে আবার খসখসে হয়ে যায় ত্বক।
দামি ক্রিম বা মেকআপ যাই করেন না কেন, কিছুতেই যেন মেলেনা ত্বকের মলিন ভাব। তাই এখন থেকেই নিতে হবে শীতের প্রস্তুতি। আর তাই দেরি না করে শুরু করে দিন ত্বক পরিচর্চা। এর জন্য প্রয়োজন নেই দামি ক্রিম বা পার্লারে যাওয়া। কিছু বিষয় মানলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর লাবণ্যময়।
শুষ্কতা থেকে বাঁচাবে ময়শ্চারাইজার
শীতের মৌসুমে আপনার ত্বককে শুষ্কতা থেকে বাঁচতে হাইড্রেটেড রাখা খুবই জরুরি। আর সঠিকভাবে হাইড্রেট রাখতে ময়শ্চারাইজারের কোনো বিকল্প নেই। তাই এখন থেকেই মুখে মাখতে পারেন ফেসক্রিম। আর ফেস মাস্কে অবশ্যই সিরাম ব্যবহার করবেন। এমনকি রাতে ঘুমতে যাওয়ার আগেও মুখ পরিষ্কার করে মাখুন নাইটক্রিম।
পান করুন পর্যাপ্ত পরিমাণে পানি
পানি পানের ব্যপারে অনেকেই উদাসীন থাকেন। তবে শীতে ত্বককে ভালো রাখতে চাইলে নিয়ম করে পানি পান করতেই হবে। ত্বক ও শরীরকে হাইড্রেটেড রাখতে প্রতিদিন আপনাকে তিন লিটার পানি পান করতে হবে। চাইলে আপনি পানির চাহিদা ফলের জুস, হালকা লিকার চা, ডাল ও সুপ ইত্যাদিও পূরণ করতে পারেন।
পরিষ্কার রাখুন রোমকূপ
শীতের এই সময়টাতে ত্বক পরিষ্কার রাখার বিকল্প নেই। ত্বকের প্রতিটি রোমকূপ পরিষ্কার না থাকলে নানা সমস্যা দেখা দিতে পারে। রোমকূপ পরিষ্কার রাখতে ফেসওয়ামের পাশাপাশি সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন ফেসস্ক্রাব। আর সবশেষে ব্যবহার করতে হবে ময়শ্চারাইজার। বাজারের রাসায়নিকযুক্ত ফেসস্ক্রাবের বদলে মুসুর ডাল বাটা আপনার জন্য হতে পারে খুব ভালো একটি অপশন।
দূরে থাকুন সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে
সূর্যের অতিবেগুনী রশ্মি থেকে ত্বককে রক্ষা করতেই হবে। না হলে ত্বক দ্রুত শুকিয়ে যেতে পারে। শুধু তাই নয়, ট্যান পড়ে ত্বক কালো হয়েও যেতে পারে। তাই হালকা রোদ হলেও সানস্ক্রিন ব্যবহার করা দরকার। বিশেষ করে যাঁরা কাজের জন্য বাইরে যান, তাঁদের সানস্ক্রিন লোশন ব্যবহার করা ত্বকের জন্য ভালো।