সৌন্দর্যচর্চা সহজ করতে রইল ৭ উপায়

শত ব্যস্ততার মাঝেও নিজের সৌন্দর্য ধরে রাখতে কে-না-চান। বিশেষ অনুষ্ঠান হোক বা দৈনন্দিন যত্ন, এই কৌশলগুলো সহজেই আপনাকে আপনার সেরা রূপে দেখাতে সাহায্য করবে। ব্যস্ত জীবনে আমরা সবাই সৌন্দর্য রুটিন সহজ সমাধান চাই। এই ৭ টিপস আপনার সৌন্দর্যচর্চায় দেবে সহজ সমাধান।

বেবি পাউডার দিয়ে ড্রাই শ্যাম্পু তৈরি করুন
যদি তাড়াহুড়োতে চুল ধোয়ার সময় না থাকে, তবে ড্রাই শ্যাম্পু খুব কাজের। আর যদি বাড়তি খরচ করতে না চান, তবে সহজ উপায় হতে পারে, বেবি পাউডার ব্যবহার। চুলের গোঁড়ায় এই পাউডার ছিটিয়ে দিন, এক মিনিট অপেক্ষা করুন। তারপর ব্রাশ বা হাত দিয়ে চুলে ভালো করে মিশিয়ে নিন। এটি তেল শুষে নিয়ে চুলকে পরিষ্কার এবং প্রাণবন্ত করবে।

সাদা আইলাইনার দিয়ে চোখ উজ্জ্বল করুন
আপনার চোখকে আরও বড় এবং সতেজ দেখাতে চান? ডার্ক শেডের বদলে আপনার ওয়াটারলাইনে সাদা বা নুড আইলাইনার ব্যবহার করতে পারেন। এটি আপনার চোখকে উজ্জ্বল এবং সুন্দর দেখাবে। কোনো জটিল মেকআপ কৌশল ছাড়াই এটি চোখের সৌন্দর্য বাড়ানোর একটি সহজ উপায়।

লিপ বাম ব্যবহার করুন কিউটিকল ক্রিম হিসেবে
যদি কিউটিকল অয়েল না থাকে বা শেষ হয়ে যায়, চিন্তা করবেন না! লিপ বাম দিয়েই আপনি শুষ্ক কিউটিকলের যত্ন নিতে পারবেন। ব্যবহারের জন্য প্রথমে সামান্য পরিমাণ লিপ বাম নিন এবং নখের চারপাশের কিউটিকল বা ত্বকের শুষ্ক অংশে লাগান। এরপর আঙুল দিয়ে ধীরে ধীরে ঘষে বামটিকে ভালোভাবে মিশিয়ে দিন। এটি কিউটিকলকে আর্দ্রতা যোগ করবে ও শুষ্কতা দূর করবে। সেই সাথে আপনার হাতকে পরিচ্ছন্ন ও মসৃণ দেখাবে।

পারফিউম যেভাবে দীর্ঘস্থায়ী করবেন
আপনার সুগন্ধ দীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখতে, পারফিউমটি সঠিক জায়গায় লাগান। যেমন, হাতের কবজি, কানের পিছনে এবং কনুইয়ের ভেতরের অংশে। এছাড়াও, একটি কার্যকর কৌশল হল, কিছু পারফিউম আপনার হেয়ারব্রাশে স্প্রে করে চুলে ব্রাশ করা। এতে আপনার চুলে সুগন্ধ থাকবে। আর চলাফেরার সময় হালকা সুবাস ছড়িয়ে পড়বে। এটি আপনার সুগন্ধ আরও দীর্ঘস্থায়ী করবে।

পুরনো টুথব্রাশ দিয়ে এক্সফোলিয়েট করুন
পুরনো টুথব্রাশ ফেলে না দিয়ে, এটি দিয়ে আপনার ঠোঁট মোলায়েম করতে পারেন। সামান্য চিনি এবং মধু মিশিয়ে ব্রাশ দিয়ে ঠোঁটে লাগতে পারে। এতে ঠোঁট হবে নরম ও লিপস্টিকের জন্য পারফেক্ট। ভ্রু ঠিক রাখতে এবং মাথার ত্বকে জমে থাকা ময়লা পরিষ্কার করতে কাজে লাগাতে পারেন।

উইংড আইলাইনার নিখুঁত করতে চামচ
উইংড আইলাইনার ঠিকঠাক করতে অসুবিধা? একটি চামচ ব্যবহার করতে পারেন। চোখের বাইরের কোণে চামচের প্রান্ত রেখে এটি গাইড হিসেবে ব্যবহার করুন। দেখবেন এটি আপনাকে নিখুঁত লাইনের জন্য সাহায্য করবে। সেই সাথে আপনার মেকআপ হবে আরও পরিপাটি।

দ্রুত ফেস লিফ্ট কন্ট্যুরিং দিয়ে
কন্ট্যুরিং খুব সহজ হতে পারে। দ্রুত লিফ্ট পেতে আপনার ত্বকের চেয়ে দুটি শেড গাঢ় পাউডার বা ক্রিম ব্যবহার করুন। গালের হোল, চোয়ালের নিচে এবং নাকের পাশে লাগান। ভালভাবে ব্লেন্ড করুন। এরপর হালকা শেড দিয়ে কপাল, গালের উপরে, এবং নাকের ওপরের অংশ হাইলাইট করুন। এই কৌশলটি আপনার মুখকে আরও উজ্জ্বল দেখাবে।

এই সৌন্দর্য টিপসগুলো সহজ হলেও বেশ কার্যকর। যা আপনার রুটিনকে সহজ করবে এবং সময় ও অর্থ বাঁচাবে। চুলে ভলিউম যোগ করা থেকে শুরু করে চোখ উজ্জ্বল করা বা ত্বকের যত্ন নেওয়া পর্যন্ত, এই কৌশলগুলো আপনার সৌন্দর্য রুটিনকে সহজ করবে।