ত্বককে সুন্দর আর সুস্থ রাখার জন্য দামি প্রসাধনী ব্যবহার করতেই হবে। এই ধারণা অনেক পুরোনো। অথচ মা-দাদিদের রূপচর্চার ঘরোয়া টোটকা এখনো সমান কার্যকর। এখন তারকারাও স্বীকার করেন, তাদের দীপ্তিময় লুকের পেছনে রয়েছে দুধ, হলুদ বা টক দইয়ের মতো সাধারণ উপাদান।
চাইলে আপনিও কয়েকটি সহজ ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে বসেই ত্বকের যত্ন নিতে পারেন।
হলুদ: হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ-ছোপ দূর করতে সাহায্য করে। মধু মিশিয়ে প্যাক বানালে তা ত্বক পরিষ্কার করে উজ্জ্বলতা ফিরিয়ে আনে।
টক দই: টক দইয়ে থাকা আলফা-হাইড্রক্সি অ্যাসিড মৃত কোষ সরিয়ে দেয়, ত্বক করে মসৃণ ও উজ্জ্বল। একইসঙ্গে চুলের প্রাকৃতিক জেল্লা ফেরাতেও কার্যকর।
অ্যালোভেরা: অ্যালোভেরা হলো ত্বকের সব সমস্যার ওয়ান স্টপ সলিউশন। অ্যালার্জি, সানবার্ন, পুরোনো দাগ কিংবা শুষ্কতা, সব কিছুতেই উপকারী।
নারকেল তেল: নারকেল তেলের অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক হয় নরম ও আর্দ্র।
নিমপাতা: ব্রণ, খুশকি কিংবা অ্যালার্জিজনিত সমস্যা দূর করতে নিমপাতার জুড়ি মেলা ভার। চুল ও ত্বক দুইয়ের স্বাস্থ্য রক্ষায় নিম এখনো ভরসার নাম।
ত্বকের যত্ন মানেই দামি প্রসাধনী নয়। রান্নাঘরে হাতের কাছে থাকা সাধারণ উপাদানেই মেলে দীপ্তি ও সুরক্ষা। নিয়মিত ব্যবহার করলে এই ঘরোয়া উপায়গুলোই হতে পারে আপনার প্রাকৃতিক বিউটি রুটিনের গোপন রহস্য।